চুয়াডাঙ্গায় ট্রাক ও আলমসাধুর মুখোমুখি সংঘর্ষে মাছ ব্যবসায়ী নিহত, আহত- ১

0

চুয়াডাঙ্গা সংবাদদাতা ॥ চুয়াডাঙ্গা-আলমডাঙ্গা সড়কের মাধবীতলায় বালি বোঝাই ট্রাক ও মাছবাহী আলমসাধুর মুখোমুখি সংঘর্ষে মোহাম্মদ আলী (৪০) নামে এক মাছ ব্যবসায়ী নিহত হয়েছেন। এ ঘটনায় আলমসাধুর চালক জহুরুল ইসলাম (৩৫) গুরুতর আহত হয়ে হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

মঙ্গলবার (৬ জানুয়ারি) সকাল সাড়ে ৭টার দিকে চুয়াডাঙ্গা পিটিআই সংলগ্ন মাধবীতলা মোড়ে এ দুর্ঘটনা ঘটে।

নিহত মোহাম্মদ আলী ঝিনাইদহ জেলার মহেশপুর উপজেলার বাগানমাঠ গ্রামের শামসুল হক ফরাজির ছেলে। আহত চালক জহুরুল ইসলাম একই এলাকার বাসিন্দা।

প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্রে জানা যায়, সকালে ঝিনাইদহের মহেশপুর থেকে মাছ নিয়ে একটি দ্রুতগতির আলমসাধু চুয়াডাঙ্গা হয়ে আলমডাঙ্গার দিকে যাচ্ছিল। পথিমধ্যে মাধবীতলার একটি বাঁকে পৌঁছালে বিপরীত দিক থেকে আসা বালি বোঝাই একটি ট্রাকের সঙ্গে আলমসাধুটির মুখোমুখি সংঘর্ষ হয়। এতে আলমসাধুটি দুমড়ে-মুচড়ে রাস্তার পাশে উল্টে যায় এবং ঘটনাস্থলেই মাছ ব্যবসায়ী মোহাম্মদ আলীর মৃত্যু হয়।

দুর্ঘটনার পর স্থানীয়রা আহত চালক জহুরুল ইসলামকে উদ্ধার করে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে ভর্তি করে। খবর পেয়ে আলমডাঙ্গা থানা পুলিশ ও ফায়ার সার্ভিস কর্মীরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে যান চলাচল স্বাভাবিক করে।

আলমডাঙ্গা থানার অফিসার ইনচার্জ (ওসি) বানী ইসরাইল জানান, “মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য চুয়াডাঙ্গা সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। ঘাতক ট্রাকটি শনাক্তের চেষ্টা চলছে।”