চুয়াডাঙ্গায় আর্জেন্টিনার সমর্থককে কুপিয়ে জখম

0

 

লোকসমাজ ডেস্ক॥ চুয়াডাঙ্গায় পাপ্পু (২০) নামের এক আর্জেন্টাইন সমর্থককে পিকনিক করার সময় কুপিয়ে জখমের অভিযোগ উঠেছে।  রবিবার রাতে দৌলতদিয়াড় গ্রামের দক্ষিণপাড়ায় আর্জেন্টিনা ও ফ্রান্সের খেলা শুরুর আগমুহূর্তে এ ঘটনা ঘটে। আহত পাপ্পু একই এলাকার বিপ্লবের ছেলে। পাপ্পুর বন্ধুরা জানান, আর্জেন্টিনা-ফ্রান্স ফাইনাল খেলা উপলক্ষে পাপ্পুসহ কয়েকজন আর্জেন্টাইন সমর্থকেরা পিকনিক করছিল। পিকনিক করার সময় কয়েকজন যুবক পাপ্পুকে ডেকে নিয়ে ধারাল অস্ত্র দিয়ে কুপিয়ে জখম করে। পরে তারা পাপ্পুকে উদ্ধার করে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে নিলে চিকিৎসক ভর্তি করে দেন। চুয়াডাঙ্গা সদর হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক ডা: আহসানুল হক বলেন, পাপ্পুর বা হাতে ও পিঠে ধারাল অস্ত্রের জখম হয়েছে। ক্ষতস্থানে ১০টি সেলাই করা হয়েছে। তিনি এখন আশঙ্কামুক্ত। চুয়াডাঙ্গা সদর থানা পুলিশের উপ-পরিদর্শক (এসআই) মেফাউল হাসান রাসেল বলেন, খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করেছি। ধারণা করা হচ্ছে পূর্বশক্রতার জের ধরেই এ হামলার ঘটনা ঘটেছে। আমরা বিষয়টি খতিয়ে দেখছি।