চুয়াডাঙ্গার দু প্রতিষ্ঠানকে জরিমানা

0

চুয়াডাঙ্গা সংবাদদাতা॥ চুয়াডাঙ্গার জীবননগর উপজেলা শহরের বাসস্ট্যান্ড এলাকায় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের তদারকিতে নানান অসংগতি থাকায় দুটি ব্যবসায়িক প্রতিষ্ঠানের মালিককে ২২ হাজার টাকা জরিমানা করা হয়েছে। সোমবার দুপুরে এ প্রতিষ্ঠান দুটিতে তদারকি করা হয়।
ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের চুয়াডাঙ্গা জেলা কার্যালয়ের সহকারী পরিচালক সজল আহম্মেদ জানান, জীবননগর উপজেলা শহরের বাসস্ট্যান্ড মোড়ে মেসার্স বাঘাট মিষ্টি বাড়ি হোটেলে তদারকিতে অস্বাস্থ্যকর ও নোংরা পরিবেশে খাদ্যপণ্য তৈরি, খাবারে নিষিদ্ধ ও ক্ষতিকর ইন্ডাস্ট্রিয়াল লবণ ব্যবহার, কর্মচারীদের স্বাস্থ্যবিধি না মানা, মিষ্টির প্যাকেটে ওজন বৃদ্ধি করে ভোক্তাদের ঠকানোসহ নানা অপরাধে প্রতিষ্ঠানটির মালিক আমিনুর রহমানকে ১০ হাজার টাকা জরিমানা ও অস্বাস্থ্যকর খাবার ও ক্ষতিকর দ্রব্য নষ্ট করা হয়।
এরপর মেসার্স মইনুর স্টোরে তদারকির সময় ফ্রিজ ও র‌্যাকে রাখা প্রচুর মেয়াদ উত্তীর্ণ পণ্য জব্দ করা হয়। এছাড়া এখানে নিত্য প্রয়োজনীয় পণ্যের মূল্য তালিকা প্রদর্শন না করা ও অস্বাস্থ্যকরভাবে মানুষ ও পশুপাখির খাবার একই সঙ্গে রেখে বিক্রি করার প্রমাণ পাওয়া যায়। সে কারণে প্রতিষ্ঠানটির মালিক মইনুর রহমানকে ১২ হাজার টাকা জরিমানা করা হয়।