চুয়াডাঙ্গার একটি মাদ্রাসায় শিক্ষা মন্ত্রণালয়ের নির্দেশনা না মানার অভিযোগ

0
ছবি: সংগৃহীত।

রিফাত রহমান, চুয়াডাঙ্গা॥ শিক্ষা মন্ত্রণালয়ের মাদ্রাসা শিক্ষাপুঞ্জির নির্দেশনা উপেক্ষিত হওয়ায় চুয়াডাঙ্গায় চলমান দাখিল পরীক্ষা কেন্দ্রে বিকল্প ব্যবস্থায় মাসব্যাপী শ্রেণি কার্যক্রম বন্ধ রয়েছে। এতে ওই মাদ্রাসাগুলোর শিক্ষা কার্যক্রম ব্যাহত হচ্ছে। বঞ্চিত হচ্ছে শিক্ষার্থীরা।

সূত্র জানায়, শিক্ষা মন্ত্রণালয়ের অধীনে কারিগরি ও মাদ্রাসা শিক্ষা বিভাগ, মাদ্রাসা শাখা-১ থেকে ২০২৬ সালের ১৯ জানুয়ারি মাসের প্রজ্ঞাপনের দ্বিতীয় পাতার ৫ নম্বর পয়েন্টে উল্লেখ করা হয়েছে, পাবলিক পরীক্ষা কেন্দ্র থাকলে ওই মাদ্রাসায় পরীক্ষার সময় বিকল্প ব্যবস্থায় ও কেন্দ্র ব্যতিত অন্যান্য মাদ্রাসায় যথারীতি শ্রেণি কার্যক্রম চালু থাকবে। কোন অবস্থাতেই পাঠদান- শ্রেণি কার্যক্রম বন্ধ রাখা যাবে না।

এ প্রসঙ্গে দামুড়হুদা দারুস সুন্নাহ দাখিল মাদ্রাসার ভারপ্রাপ্ত সুপার আসাদুল হক বলেন, চুয়াডাঙ্গা জেলা প্রশাসক বলেছেন, যেদিন পরীক্ষা থাকবে না সেই দিন সকাল ৭টা থেকে দুপুর ১২টা পর্যন্ত শিক্ষার্থীদের পাঠদান চলবে। সভায় জেলা প্রশাসকের দেওয়া নির্দেশনা মেনে কার্যক্রম চালানো হচ্ছে। তাছাড়া শিক্ষা মন্ত্রণালয়ের এ ধরনের নির্দেশনা সম্পর্কে তিনি জ্ঞাত নন ।

আলমডাঙ্গা আলিম মাদ্রাসার অধ্যক্ষ সিরাজুল ইসলাম জানান, চলমান দাখিল পরীক্ষা কেন্দ্র আলমডাঙ্গা মহিলা কলেজে হওয়ায় তাদের মাদ্রাসায় যথাযথভাবে শিক্ষার্থীদের পাঠদান চলছে। এ ক্ষেত্রে কোন সমস্যা নেই।

কার্পাসডাঙ্গা ইসলামিয়া ফাজিল মাদ্রাসার অধ্যক্ষ জুলফিকার আলী বলেন, দামুড়হুদার একাডেমিক সুপারভাইজার রাফিজুল ইসলাম মাদ্রাসা পরীক্ষা চলাকালীন মাদ্রাসার শ্রেণিকক্ষে পাঠদান চলানো যাবে না বলে তাকে নির্দেশনা দেন। সে কারণে তিনি মাদ্রাসায় বিকল্প ব্যবস্থায় পাঠদান কার্যক্রম চালাতে পারছেন না। তবে এ ধরনের কোন কথা অধ্যক্ষ জুলফিকার আলীর সঙ্গে হয়নি বলে দাবি করেন একাডেমিক সুপারভাইজার রাফিজুল ইসলাম।

জীবননগর ফাজিল মাদ্রাসার অধ্যক্ষ আব্দুল খালেক জানান, তার মাদ্রাসার পরীক্ষা কেন্দ্র শাপলা কলি আদর্শ মাধ্যমিক বিদ্যালয়ে হওয়ায় মাদ্রাসায় যথানিয়মে শ্রেণি পাঠদান অব্যাহত রয়েছে।

চুয়াডাঙ্গা জেলায় অতিরিক্ত দায়িত্বে থাকা মাধ্যমিক শিক্ষা অফিসার জেসমিন আরা খাতুন বলেন, এ ধরনের নির্দেশনা সম্পর্কে তার জানা নেই। মাদ্রাসায় পরীক্ষা কেন্দ্র থাকলে বিকল্প ব্যবস্থায় পাঠদান চলছে কি- না তা না দেখে বলা যাবে না।

সারা দেশের মতো চুয়াডাঙ্গায় গত ২১ এপ্রিল থেকে চলছে দাখিল পরীক্ষা। জেলার ৪টি উপজেলা, চুয়াডাঙ্গা সদর, আলমডাঙ্গা, দামুড়হুদা ও জীবননগরে মোট ৫টি দাখিল পরীক্ষা কেন্দ্রে এ পরীক্ষা অনুষ্ঠিত হচ্ছে।