চুড়ামনকাটি ইউপি চেয়ারম্যানের বিরুদ্ধে অন্যের জমি দখল করে রাস্তা নির্মাণের অভিযোগ

0

স্টাফ রিপোর্টার ॥ যশোর সদর উপজেলার চুড়ামনকাটি ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান দাউদ হোসেনের বিরুদ্ধে মালিকানা জমি দখল করে রাস্তা নির্মাণের অভিযোগ উঠেছে। ভুক্তভোগী পরিবারের সদস্যদের দাবি রাতের আঁধারে চেয়ারম্যান তার দলের ক্যাডারদের নিয়ে তাদের জমির ওপর দিয়ে হেরিংবোন রাস্তা করেছেন। জমি উদ্ধারে তারা দ্বারে দ্বারে ঘুরছেন। অবশ্য ইউপি চেয়ারম্যান তার বিরুদ্ধে অভিযোগ মিথ্যা বলে দাবি করেছেন।
অভিযোগ মতে জানান যায়,চুড়ামনকাটি ইউনিয়নের ছাতিয়ানতলা পশ্চিম পাড়ার রফি উদ্দিন ও তার স্ত্রীর নামে বাগডাঙ্গা মৌজায় ১৭৮১ খতিয়ানে ৭৭১৫ ও ৭৭১৬ দাগে ২৪ শতক জমি রয়েছে। রফি উদ্দিনের পোতা ছেলে আবু হাসনাত সোহাগ জানান,আমার দাদার পৌত্রিক জমি আমার বাবা, চাচা ও ফুফুরা ভোগ দখল করেছেন। তিনি আরও জানান, চাচা সাবেক ইউপি সদস্য আনোয়ার হোসেন শান্তি ও বাবার মৃত্যুর পর থেকে ওই জমির ওপর দিয়ে চেয়ারম্যান দাউদ হোসেন রাস্তা নির্মাণের চেষ্টা করে আসেন। আমি চাকরির সুবাদে বাইরে থাকায় অক্টোবর মাসে চেয়ারম্যান দাউদ হোসেন রাতের আঁধারে আমাদের জমির ওপর থাকা ৩টি মেহগনি গাছ কেটে দিয়ে প্রায় ২ শ ফুট হেরিংবোন রাস্তা নির্মাণ করে নেন। এছাড়া আমাদের জমির শেষ প্রান্তে তেমন কোনো বসতি বা ঘর না থাকলেও চেয়ারম্যান ইচ্ছাকৃতভাবে আমার চাচা ইউপি সদস্য আনোয়ার হোসেন শান্তির ওপর রাজনৈতিক রাগ থাকার কারণে এমন কাজ করেছেন। তিনি আরও জানান,রাস্তার কারণে তাদের জমির প্রায় ২ শতক বেদখল হয়ে গেছে। তিনি ওই জমি উদ্ধারের জন্য এলাকাবাসীর দ্বারে দ্বারে ঘুরেও কোনো ফল পাচ্ছেন না।
সরেজমিন দেখা গেছে, রাস্তা নির্মাণের পর স্থানীয় চেয়ারম্যান উপজেলা চেয়ারম্যানের নামে প্রকল্প দেখিয়ে একটি ফলক বসিয়েছেন। এখানে লেখা আছে ছাতিয়ানতলা উত্তরপাড়ার সিদ্দিকের বাড়ি থেকে লিয়াকত আলীর বাড়ির অভিমুখে হেরিংবোন রাস্তা।
এ ব্যাপারে ইউপি চেয়ারম্যান দাউদ হোসেন বলেন, ‘যে জমির ওপর দিয়ে রাস্তা নির্মাণ করা হয়েছে সেই জমিটি সরকারি রেলওয়ের জমি। আমি জনগণের কল্যাণে রাস্তাটি করে দিয়েছি। রাস্তার অভাবে ওই পাড়ায় বহু পরিবার চলাচলে কষ্ট ভোগ করে আসছিলো।এখানে আমার ব্যক্তিগত কোনো স্বার্থ নেই। এছাড়া জোর করে রাস্তা নির্মাণ করা হয়নি।’