চিংড়াখালী মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষকের অপসারণের দাবিতে মানববন্ধন

0

বাগেরহাট সংবাদদাতা॥ বাগেরহাটের মোরেলগঞ্জে চিংড়াখালী মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. কবীর হোসেনের অপসারণের দাবিতে মানববন্ধন কর্মসূচি পালিত হয়েছে। শনিবার (১৭ জুন) বেলা ১১টার দিকে বিদ্যালয়ের সামনে চিংড়াখালী এলাকাবাসী, ম্যানেজিং কমিটির সদস্য ও স্থানীয় জনপ্রতিনিধিরা এই মানববন্ধনে অংশগ্রহণ করেন।
ঘন্টাব্যাপী মানববন্ধনে বক্তব্য দেন, চিংড়াখালী ইউনিয়নের ৪ নং ওয়ার্ডের সদস্য বাদল বক্স, ২ নং ওয়ার্ডের সদস্য শহিদুল ইসলাম, বিদ্যালয় ব্যবস্থাপনা কমিটির সদস্য সোহেল শিকদার, স্থানীয় শ্যামল কুমার চন্দ, নিলুফা ইয়াসমিন প্রমুখ।
বক্তারা বলেন, কবীর হোসেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক হিসেবে যোগদান করার পর থেকে নানা অনিয়ম ও দুর্নীতি করে আসছেন। বিদ্যালয়ের চারটি পদে নিয়োগে অনিয়ম হয়েছে এমন অভিযোগে স্থানীয় এক ব্যক্তি আদালতে মামলা করেন। নিয়োগ প্রক্রিয়া স্থগিতের আদেশ দেয় আদালত। এরপরেই প্রধান শিক্ষক কবীর হোসেন এলাকার লোকজনের ওপর ক্ষিপ্ত হয়ে এলাকার মানুষকে গালিগালাজ করেছেন।
প্রধান শিক্ষক কবীর হোসেন বলেন, নিয়োগ সংক্রান্ত একটি চক্র রয়েছে যারা নিজেদের পছন্দমত প্রার্থীকে নিয়োগ দিতে না পেরে এ ধরণের প্রপাগন্ডা ছড়াচ্ছে। আমি কারও সাথে অসদাচারণ করিনি।