চাঁদপুরে মাইকে ঘোষণা দিয়ে ঈদ উদযাপন করছেন গ্রামবাসী

0
চাঁদপুরের সাদ্রা গ্রামে আগাম ঈদুল ফিতর উদযাপিত হয়েছে। বিশ্বের কোথাও চাঁদ দেখা গেলেই ঈদ— এই নীতিতে পালিত হলো উৎসব।। ছবি: সংগৃহীত

লোকসমাজ ডেস্ক ॥ নাড়ির টানে মানুষের বাড়ি ফেরার চিরচেনা ব্যস্ততার মাঝেই চাঁদপুরে দেখা গেল এক ব্যতিক্রমী ঘটনা। সৌদি আরবসহ মধ্যপ্রাচ্যের দেশগুলোর চেয়েও একদিন আগে মাইকে ঘোষণা দিয়ে ঈদুল ফিতর উদযাপন করেছেন জেলার হাজীগঞ্জ উপজেলার সাদ্রা গ্রামের একাংশ। বৃহস্পতিবার (১৯ মার্চ ২০২৬) সকালে রীতিমতো ‘ঈদ মুবারক’ ঘোষণা দিয়ে সেখানে ঈদের জামাত অনুষ্ঠিত হয়।

সাদ্রা দরবার শরিফের মরহুম পীর মাওলানা ইসহাক (রহ.)-এর ছেলে মাওলানা আবু বকর সিদ্দিকের অনুসারীরা এই আগাম ঈদ উদযাপন করছেন। এ বিষয়ে মাওলানা আবু বকর সিদ্দিক জানান, নাইজার ও মালিসহ বিশ্বের কয়েকটি দেশে চাঁদ দেখা গেছে— এমন খবরের ভিত্তিতেই তারা আজ ১৯ মার্চ ঈদ পালনের সিদ্ধান্ত নিয়েছেন। তাঁর যুক্তি হলো, সারা বিশ্বে চাঁদ যেহেতু একটি, তাই পৃথিবীর কোথাও দেখা গেলে সবখানেই ঈদ হওয়া উচিত।

সাদ্রা গ্রামের একাধিক স্থানে আজ ঈদের জামাত অনুষ্ঠিত হওয়ার খবর পাওয়া গেছে। একজন প্রত্যক্ষদর্শী মাদ্রাসা শিক্ষক জানান, মাইকে ঈদের ঘোষণা শুনে কৌতূহলবশত পাশের গ্রাম থেকে গিয়ে তিনি জামাত অনুষ্ঠিত হতে দেখেন। সাধারণত চাঁদপুরের অর্ধশত গ্রামে সৌদি আরবের সঙ্গে মিল রেখে ঈদ পালিত হলেও, এবার মধ্যপ্রাচ্যের আগেই এই আগাম ঈদ উদযাপন বিশেষ আলোচনার জন্ম দিয়েছে।