গ্রিস উপকূলে দুই শতাধিক অভিবাসনপ্রত্যাশী উদ্ধার: বেশির ভাগই বাংলাদেশি ও সুদানি নাগরিক

0
লিবিয়া থেকে ভূমধ্যসাগর পাড়ি দিয়ে গ্রিসের ক্রিট দ্বীপে পৌঁছানো ২০২ জন অনিয়মিত অভিবাসনপ্রত্যাশীকে উদ্ধার করেছে গ্রিক কর্তৃপক্ষ, যাদের একটি বড় অংশই বাংলাদেশের নাগরিক।। ছবি: সংগৃহীত

লিবিয়া থেকে ভূমধ্যসাগর পাড়ি দিয়ে গ্রিসের দক্ষিণাঞ্চলীয় ক্রিট দ্বীপে পৌঁছানোর পর অন্তত ২০২ জন অনিয়মিত অভিবাসনপ্রত্যাশীকে উদ্ধার করেছে দেশটির কর্তৃপক্ষ। উদ্ধার হওয়া ব্যক্তিদের বড় একটি অংশই বাংলাদেশের ও সুদানের নাগরিক। এছাড়া তাঁদের মধ্যে কয়েকজন মিসরের নাগরিকও রয়েছেন।

গ্রিক সংবাদপত্র ‘দেমোক্রাতিয়া’-র উদ্ধৃতি দিয়ে আন্তর্জাতিক সংবাদমাধ্যম ‘মিডল ইস্ট মনিটর’ জানিয়েছে, লিবিয়া উপকূল থেকে যাত্রা শুরু করে ৪৮ ঘণ্টারও কম সময়ে একের পর এক নৌকায় করে অভিবাসনপ্রত্যাশীরা ক্রিটে পৌঁছান। হঠাৎ করে অতিরিক্ত সংখ্যায় অভিবাসনপ্রত্যাশীদের আগমনের ফলে দ্বীপটির স্থানীয় প্রশাসন ও অভিবাসী গ্রহণকেন্দ্রগুলোর ওপর ব্যাপক চাপের সৃষ্টি হয়েছে।

প্রতিবেদন অনুযায়ী, গত বৃহস্পতিবার সকালে ৪০ জন অভিবাসনপ্রত্যাশীকে নিয়ে একটি নৌকা ক্রিটের দক্ষিণ-পূর্বাঞ্চলের ইয়েরাপেত্রায় পৌঁছায়। এর আগেই ইউরোপীয় সীমান্ত ও উপকূলরক্ষী সংস্থা ‘ফ্রন্টেক্স’-এর একটি নজরদারি উড়োজাহাজ সাগরে ভাসমান নৌকাটিকে শনাক্ত করতে সক্ষম হয়।

পরবর্তীতে গ্রিক উপকূলরক্ষী বাহিনীর একটি টহল জাহাজ ও স্থানীয় একটি মাছ ধরার নৌকার যৌথ সহায়তায় তাঁদের নিরাপদে ইয়েরাপেত্রা বন্দরে নিয়ে আসা হয়। বন্দরে পৌঁছানোর পর স্থানটিতে অভিবাসনপ্রত্যাশীদের প্রাথমিক নিবন্ধন প্রক্রিয়া ও পরিচয় যাচাই কার্যক্রম শুরু করে কর্তৃপক্ষ।

এর মাত্র কয়েক ঘণ্টা পূর্বে পৃথক দুটি নৌকায় করে আরও ১১২ জন অভিবাসনপ্রত্যাশী একই এলাকায় পৌঁছান। এর মধ্যে প্রথম নৌকায় মোট ৫৬ জন যাত্রী ছিলেন, যাঁদের ৩১ জন সুদানের এবং ২৫ জন বাংলাদেশের নাগরিক। অন্যদিকে দ্বিতীয় নৌকাটিতে থাকা ৫৬ জনের মধ্যে ৪টি দেশের নাগরিক থাকলেও তাঁদের মূল অংশ অর্থাৎ ৪৭ জনই ছিলেন বাংলাদেশের এবং ৯ জন মিসরের নাগরিক।

বর্তমানে উদ্ধার হওয়া সকল অভিবাসনপ্রত্যাশীকে নিরাপত্তার সাথে স্থানীয় হেরাক্লিয়ন বন্দরের একটি অস্থায়ী আশ্রয়শিবিরে স্থানান্তরিত করা হয়েছে। ক্রিট দ্বীপে অনিয়মিত অভিবাসীদের আগমন আশঙ্কাজনকভাবে বাড়তে থাকায় নতুন করে আসা ব্যক্তিদের জরুরি সেবা ও সাময়িক বাসস্থান দিতে এই অস্থায়ী ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।