গ্যাসের চাহিদা নিজস্ব সম্পদ দিয়েই পূরণ করব: শ্রীকাইল-৫ কূপের উদ্বোধনকালে প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত

0
কুমিল্লার শ্রীকাইল-৫ গ্যাস কূপের ফলক উন্মোচন করে আনুষ্ঠানিক উদ্বোধন করছেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত।। ছবি: সংগৃহীত

লোকসমাজ ডেস্ক ॥ দেশের ক্রমবর্ধমান জ্বালানি চাহিদা মেটাতে আমদানিনির্ভরতা কমিয়ে নিজস্ব প্রাকৃতিক সম্পদ উত্তোলনে সরকার সর্বাধিক গুরুত্ব দিচ্ছে বলে জানিয়েছেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত। শনিবার (১৪ মার্চ ২০২৬) কুমিল্লার শ্রীকাইল গ্যাসক্ষেত্রে নতুন খননকৃত ‘শ্রীকাইল-৫’ গ্যাস কূপের আনুষ্ঠানিক উদ্বোধনকালে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত বলেন, “আমরা নিজেদের প্রাকৃতিক গ্যাস উত্তোলন করে আমদানিনির্ভরতা কমাতে চাই; যা আমাদের স্বয়ংসম্পূর্ণতা অর্জনের ক্ষেত্রে অতীব জরুরি। গ্যাসের চাহিদা আমরা নিজস্ব সম্পদ দিয়েই পূরণ করব। আমরা সব ক্ষেত্রে স্বচ্ছতা ও জবাবদিহি নিশ্চিত করব।” সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, বাপেক্স কর্তৃক নির্মিত এই উন্নয়ন কূপটি থেকে জাতীয় গ্রিডে দৈনিক প্রায় ৮০ লক্ষ ঘনফুট (৮ এমএমসিএফডি) গ্যাস যুক্ত হচ্ছে, যা শিল্পকারখানা ও বিদ্যুৎ উৎপাদনে বড় ধরনের স্বস্তি দেবে।

উল্লেখ্য, প্রায় ১৩২ কোটি টাকা ব্যয়ে গত বছরের সেপ্টেম্বর থেকে চলতি বছরের জানুয়ারি পর্যন্ত এই কূপের খনন কাজ সম্পন্ন হয়। বর্তমান সরকারের জ্বালানি মন্ত্রী ইকবাল মাহমুদ চৌধুরী ও প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিতের বিশেষ তৎপরতায় কারিগরি জটিলতা কাটিয়ে কূপটি দ্রুত সচল করা হয়। বিশেষজ্ঞরা আশা করছেন, এই কূপটি থেকে আগামী ১০ বছর নিরবচ্ছিন্ন গ্যাস সরবরাহ পাওয়া যাবে।