গাজী টিভির সাংবাদিকের ওপর হামলার প্রতিবাদে ঝিনাইদহে মানববন্ধন

0

স্টাফ রিপোর্টার, ঝিনাইদহ ॥ ঝিনাইদহের মহেশপুরে গাজী টিভির সাংবাদিক কিরণ মোস্তফার ওপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে মানববন্ধন কর্মসূচি পালন করেছেন সাংবাদিকরা। বৃহস্পতিবার দুপুরে ঝিনাইদহ প্রেস ক্লাবের সামনে এই মানববন্ধন কর্মসূচি পালিত হয়।
মানববন্ধন শেষে এক প্রতিবাদ সমাবেশে বক্তব্য রাখেন, ঝিনাইদহ প্রেস ক্লাবের সভাপতি আসিফ কাজল, সাধারণ সম্পাদক আমিনুল ইসলাম লিটন, এটিএন বাংলার প্রতিনিধি ও প্রেস ক্লাবের সাবেক সাধারণ সম্পাদক নিজাম জোয়ারদার বাবলু, সময় টিভির লোটাস রহমান সোহাগ, চ্যানেল টোয়েন্টিফোরের সাদ্দাম হোসেন, গাজী টিভির ওলিয়ার রহমান, বাংলাদেশ অবজারভারের আবু জাফর রাজু ও মেহেদী হাসান জিকু প্রমুখ। বক্তাগণ গাজী টিভির সিনিয়র নিউজ রুম এডিটর কিরণ মোস্তফার ওপর হামলার নিন্দা জানিয়ে অবিলম্বে সন্ত্রাসীদের গ্রেফতারের দাবি জানান।
জানা গেছে, গত বুধবার সন্ধ্যায় মহেশপুর পৌরসভার মডেল মসজিদ এলাকায় সন্ত্রাসী শামসুল গাজী, আলমগীর, ইকরামুল খাঁ, তুহিন খাঁ ও খালিদসহ ১০/১২ জন হামলা চালায়। হামলাকারীরা লোহার রড, হাতুড়ি ও লাঠি দিয়ে কিরণ মোস্তফাকে বেধড়ক পিটিয়ে রক্তাক্ত জখম করে। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে মহেশপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে। আহত কিরণ মোস্তফার ভাই কামরুজ্জামান জানান, হামলাকারী শামসুল গাজী, আলমগীর ও ইকরামুল সংখ্যালঘু সম্প্রদায় ও কিরণ মোস্তফার জমি দখল করে খেলার মাঠ বানোনোর চেষ্টা করে। এ নিয়ে আদালতে মামলা করেন সাংবাদিক কিরণ মোস্তফা। মামলা করার জের ধরে তার ওপর হামলা করা হয়। মহেশপুর থানার ওসি ফয়েজ আহম্মেদ বলেন, হামলার পর ঘটনাস্থলে ও হাসপাতালে পুলিশ পাঠানো হয়েছিলো। আহত সাংবাদিকের পক্ষ থেকে মামলা দিলে পুলিশ দ্রুত ব্যবস্থা গ্রহণ করবে।