যবিপ্রবিতে গভীর রাতে ছাত্রী হলে মিছিল করতে বাধা দেয়ায় ছাত্রলীগের উত্তেজনা

0

যবিপ্রবি সংবাদদাতা॥ বুধবার গভীর রাতে ছাত্রী হলের সামনে মিছিল করতে নিষেধ করায় যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (যবিপ্রবি) উত্তেজনা সৃষ্টি করে ছাত্রলীগ। ঘটনার প্রতিবাদে শহীদ মসিয়ূর রহমান হল থেকে মিছিল নিয়ে শেখ হাসিনা হলের সামনে ওই রাতে বিক্ষোভ প্রদর্শন করে তারা। আগুন ধরানো হয় টায়ারে। রাতের এ অবস্থায় সন্ত্রস্ত হয়ে ওঠেন সাধারণ শিক্ষার্থীরা। শেখ হাসিনা হল শাখা ছাত্রলীগ কর্মী স্বর্ণা ইয়াসমিন বলেন, যবিপ্রবিতে দীর্ঘদীন ছাত্রলীগের কার্যক্রম বন্ধ ছিলো। তবে বর্তমানে ছাত্রলীগের নতুন কমিটি হয়েছে। তারই পরিপ্রেক্ষিতে ছাত্রলীগের কার্যক্রমকে গতিশীল করার উদ্দেশ্যে রাত আনুমানিক সাড়ে ৯টায় একটি মিছিলের আয়োজন করি। আমরা কাউকে জোরপূর্বক মিছিলে আসতে বাধ্য করিনি। এরই মধ্যে বামপন্থী কিছু মেয়ে প্রভোস্টকে জানালে তিনি ঘটনাস্থলে চলে আসেন এবং মিছিলে বাঁধা দেন। তিনি মিছিল আয়োজনের জবাবদিহিতা চান। পরবর্তীতে হল প্রভোস্ট আমাদের কাছে এ ব্যাপারে দুঃখ প্রকাশ করেন এবং এর পরে ছাত্রলীগের কার্যক্রমে কোন প্রকার বাধা প্রদান করা হবে না এমন আশ্বাসও দেন। বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের সাধারণ সম্পাদক তানভীর ফয়সাল বলেন, আমরা যখন মিছিলে বাধাপ্রদান করার খবর পাই তখনই আমরা ছাত্রলীগের নেতাকর্মীরা শেখ হাসিনা হলের সামনে গিয়ে অবস্থান কর্মসূচি পালন করি। এ ব্যাপারে আমাদের দাবি ছিল কোন শিক্ষার্থী স্বেচ্ছায় যদি জয়বাংলা স্লোগান দিতে চায় তবে হল প্রশাসন কোন প্রকার বাধা প্রদান করবে না, যা পরবর্তীতে হল প্রশাসন মেনে নিয়েছে । তাতে আমরা অনেক খুশি। বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগ সভাপতি সোহেল রানা বলেন, শেখ হাসিনা হলের ছাত্রলীগের কর্মীরা একত্রিত হয়ে জয় বাংলা স্লোগান দিতে থাকলে হল প্রভোস্ট এসে বারণ করেন। এ ঘটনায় শেখ হাসিনা ছাত্রীহলের প্রভোস্ট অধ্যাপক ড. শিরিন নিগার বলেন, ঘটনাটি যেভাবে প্রচারিত হয়েছে আসলে সেইরকম কিছুই ঘটেনি। আমি জানতাম না যে তারা মিছিল করবে। আমার কাছে বলেছে যে, তারা জড়ো হয়েছে। ছাত্রীরা ভীতসন্ত্রস্ত হওয়ায় তাদেরকে আমি নিয়মের মধ্যে কার্যক্রম চালাতে বলি।