গণভোটের রায় না মানলে বিএনপি সরকারকে সহযোগিতা করা হবে না: নাহিদ ইসলাম

0
সিলেটে জামায়াতে ইসলামীর নেতৃত্বাধীন ১১ দলীয় জোটের সিলেট বিভাগীয় সমাবেশে বক্তব্য দেন এনসিপি আহ্বায়ক নাহিদ ইসলাম।। ছবি: সংগৃহীত
গণভোটের গণরায় এবং জুলাই সনদ পূর্ণাঙ্গভাবে বাস্তবায়ন করা না হলে বিএনপি সরকারকে আর কোনো ধরনের সহযোগিতা করা হবে না বলে জানিয়ে দিয়েছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক ও বিরোধীদলীয় চিফ হুইপ নাহিদ ইসলাম।

তিনি সতর্ক করে বলেছেন, জনগণের রায় এবং ছাত্র-জনতার গণঅভ্যুত্থানকে অবজ্ঞা করলে সরকার তার পাঁচ বছরের পূর্ণ মেয়াদ সম্পন্ন করতে পারবে না।

শনিবার বিকেলে সিলেট নগরের আলিয়া মাদ্রাসা মাঠে ১১-দলীয় ঐক্য আয়োজিত বিভাগীয় জনসভায় বিশেষ অতিথির বক্তব্যে নাহিদ ইসলাম এসব কথা বলেন।

‘গণভোটের রায় বাস্তবায়ন এবং জুলাই গণহত্যায় জড়িত শেখ হাসিনাসহ সহযোগীদের বিচারের দাবিতে’ এই সমাবেশের আয়োজন করা হয়।

জাতীয় সংসদের বিরোধীদলীয় নেতা ও বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমীর শফিকুর রহমানের প্রধান অতিথি হিসেবে উপস্থিতিতে অনুষ্ঠিত এই সভায় সভাপতিত্ব করেন এলডিপির চেয়ারম্যান কর্নেল (অব.) অলি আহমদ বীর বিক্রম।

সমাবেশে বিরোধীদলীয় চিফ হুইপ সরাসরি প্রধানমন্ত্রী তারেক রহমানের উদ্দেশে বলেন, নির্বাচন পরবর্তী সময়ে দলটিকে সিদ্ধান্ত নিতে হবে তারা কি পূর্ণ মেয়াদে ক্ষমতায় থাকতে চায় নাকি জনগণের রায় অবজ্ঞার পরিণাম ভোগ করতে চায়।

পাশাপাশি তিনি নির্বাচন কমিশন থেকে শুরু করে রাষ্ট্রের নানা প্রতিষ্ঠান দলীয়করণের অভিযোগ তুলে বলেন, আগামী স্থানীয় সরকার নির্বাচনের আগেই নির্বাচন কমিশন পুনর্গঠন করতে হবে, অন্যথায় বর্তমান কমিশনারদের পদত্যাগ করা উচিত।

সংবিধান সংস্কার বনাম সংশোধন প্রসঙ্গে এনসিপির আহ্বায়ক বলেন, ৩১ দফায় সংস্কারের কথা থাকলেও নির্বাচিত হওয়ার পর বিএনপি সেই প্রতিশ্রুতি ভুলে গেছে। শুধুমাত্র সংবিধান সংশোধনের মাধ্যমে দেশের মৌলিক ব্যবস্থার সংস্কার সম্ভব নয়, এর জন্য সংস্কার পরিষদ বা গণপরিষদের প্রয়োজনীয়তা রয়েছে।

তিনি স্পষ্ট জানান, ছাত্র-তরুণদের আন্দোলন ও ১৪০০ শহীদের আত্মত্যাগকে ভুলে গেলে তার পরিণতি বর্তমান সরকারকে ভোগ করতে হবে।

বক্তব্যের এক পর্যায়ে বিশ্ব রাজনীতির প্রসঙ্গ টেনে ভারতের শিক্ষামন্ত্রীর পদত্যাগের বিষয়টিতে আন্দোলনরত ভারতীয় তরুণদের প্রতি সাধুবাদ জানান নাহিদ ইসলাম।

এছাড়া দেশের চলমান গ্যাস সংকট, বিদ্যুৎ ও জ্বালানির মূল্য বৃদ্ধি এবং অর্থনৈতিক মন্দার বিষয়ে উদ্বেগ প্রকাশ করে তিনি বলেন, অভ্যন্তরীণ মৌলিক সংস্কার না করায় আন্তর্জাতিক সাহায্য পাচ্ছে না বর্তমান প্রশাসন।