গণতান্ত্রিক অর্জনকে নষ্ট করতে বিভাজন সৃষ্টির পায়তারা চলছে : অধ্যাপক নার্গিস বেগম

0
ছবি: লোকসমাজ।

স্টাফ রিপোর্টার ॥ বিএনপির ভাইস চেয়ারম্যান অধ্যাপক নার্গিস বেগম বলেছেন, দেশের বর্তমান গণতান্ত্রিক অর্জনকে নষ্ট করতে অতীতের মতো একটি চক্র বিভাজন সৃষ্টির পাঁয়তারা করছে। এ থেকে আমাদের সকলকে সতর্ক থেকে প্রধানমন্ত্রী তারেক রহমানের হাতকে শক্তিশালী করে জনগণের সামনে ৩১ দফা বাস্তবায়ন করতে হবে।

দলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে যশোর জেলা বিএনপি আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তৃতায় তিনি এ কথা বলেন। শনিবার মুন্সী মেহেরউল্লাহ ময়দানে অনুষ্ঠিত আলোচনা সভায় সভাপতিত্ব করেন জেলা বিএনপির সভাপতি অ্যাড. সৈয়দ সাবেরুল হক সাবু।

আলোচনা সভায় অধ্যাপক নার্গিস বেগম আরও বলেন, আজকে একটি পক্ষ বলছে বিএনপি তার অঙ্গীকার থেকে সরে এসেছে! কিন্তু বিএনপি তার অঙ্গীকার থেকে সরে আসা দল নয়। অতীতেও জনগণের সামনে বিএনপি তার সকল অঙ্গীকার রক্ষা করেছে, বর্তমানেও জনগণের অঙ্গীকার রক্ষা করে দেশ পরিচালনা করছে। তারা পরিকল্পিতভাবে বিএনপিকে নিয়ে মিথ্যাচার করছে।

তিনি বলেন, বিএনপির প্রতিষ্ঠা কেবল একটি দলের জন্ম নয়, একটি সুদূরপ্রসারী রাষ্ট্রচিন্তার ফল। যে দল দেশের প্রতিষ্ঠা সংকটে ত্রাণকর্তার ভূমিকা পালন করেছে। প্রতিটি সংকটে দেশকে খাদের কিনারা থেকে উত্তরণ করেছে। যে দল দেশের স্বাধীনতা-সার্বভৌমত্ব নিষ্কণ্টক রাখার জন্য অতন্দ্র প্রহরীর ভূমিকা পালন করে আসছে।

আজ আমরা দলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালন করছি। কিন্তু দীর্ঘ এই পথচলা মোটেও সহজ ছিল না। প্রতিনিয়ত কাঁটা বিছানো পথে আমাদের হাঁটতে হয়েছে। আজ প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে যে নতুন গণতান্ত্রিক বাংলাদেশের যাত্রা শুরু হয়েছে, এর জন্য আমাদেরকে রক্তের নদী পাড়ি দিতে হয়েছে। তাই আসুন সকলে ঐক্যবদ্ধ থেকে দেশের গণতান্ত্রিক যাত্রাকে সমৃদ্ধ করি। দেশের স্বাধীনতা-সার্বভৌমত্ব নিষ্কণ্টক রাখার পাশাপাশি দেশ ও জনগণের ভবিষ্যৎ নিশ্চিত ও নিরাপদ করি।

ছবি: লোকসমাজ।

আলোচনা সভায় বক্তব্য রাখেন জেলা বিএনপির সাধারণ সম্পাদক ও জেলা পরিষদের প্রশাসক দেলোয়ার হোসেন খান খোকন, কেন্দ্রীয় বিএনপির নির্বাহী সদস্য আবুল হোসেন আজাদ, জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক মুনির আহমেদ সিদ্দিকী বাচ্চু, সাবেক সহ-সভাপতি অ্যাড. মোহাম্মদ ইসহক, সাবেক সম্পাদক মণ্ডলীর সদস্য আব্দুস সালাম আজাদ, নগর বিএনপির সভাপতি রফিকুল ইসলাম চৌধুরী মুল্লুক চাঁদ, সদর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আঞ্জুরুল হক খোকন, শার্শা উপজেলা বিএনপির সভাপতি আবুল হাসান জহির, নওয়াপাড়া পৌর বিএনপির সভাপতি আবু নইম, জেলা মহিলা দলের সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা ফেরদৌসী বেগম, জেলা যুবদলের আহ্বায়ক এম তমাল আহমেদ, জেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মোস্তফা আমির ফয়সাল, সদস্য সচিব রাজিদুর রহমান সাগর, জেলা ছাত্রদলের আহ্বায়ক কামরুজ্জামান বাপ্পি প্রমুখ।

আলোচনা সভা পরিচালনা করেন জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক প্রকৌশলী রবিউল ইসলাম। আলোচনা সভা শেষে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশিত হয়।