যশোর পুলিশ লাইন মাধ্যমিক বিদ্যালয়ের কৃতী শিক্ষার্থী সংবর্ধনা

0
ছবি: লোকসমাজ।

স্টাফ রিপোর্টার॥ যশোর পুলিশ লাইন মাধ্যমিক বিদ্যালয়ের উদ্যোগে কৃতী শিক্ষার্থী সংবর্ধনা অনুষ্ঠিত হয়েছে।শনিবার সকাল ১০টায় বিদ্যালয়ের মাঠ প্রাঙ্গণে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকার কথা ছিল বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিতের। তবে তাঁর অনুপস্থিতিতে প্রধান অতিথির দায়িত্ব পালন করেন যশোরের জেলা প্রশাসক মোহাম্মদ আশেক হাসান। তিনি কৃতী শিক্ষার্থীদের হাতে সংবর্ধনা ক্রেস্ট তুলে দেন।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন যশোর জেলা পরিষদের প্রশাসক দেলোয়ার হোসেন খান খোকন।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন যশোর পুলিশ লাইন মাধ্যমিক বিদ্যালয়ের সভাপতি ও যশোর জেলার পুলিশ সুপার সৈয়দ রফিকুল ইসলাম, পিপিএম।

প্রধান অতিথি ও বিশেষ অতিথি শিক্ষার্থীদের উদ্দেশে দিকনির্দেশনামূলক বক্তব্য প্রদান করেন। তারা শিক্ষার্থীদের ভবিষ্যৎ জীবনে সাফল্য অর্জনের জন্য অধ্যবসায়, শৃঙ্খলা ও নৈতিকতার ওপর গুরুত্বারোপ করেন। একই সঙ্গে ভালো ফলাফল অর্জনকারী শিক্ষার্থীদের অভিনন্দন ও শুভকামনা জানান।

এ সময় জেলা প্রশাসক মোহাম্মদ আশেক হাসান বিদ্যালয়ের এমন আয়োজনের প্রশংসা করে শিক্ষক-শিক্ষিকাদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস) মো. মিরাজুল ইসলাম, অতিরিক্ত পুলিশ সুপার (ডিএসবি) মো. সাখাওয়াত হোসেন, অতিরিক্ত পুলিশ সুপার ‘ক’ সার্কেল মো. আহসান হাবীব, অতিরিক্ত পুলিশ সুপার ‘খ’ সার্কেল মো. মুন্না বিশ্বাস, বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মনোতোষ কুমার নন্দীসহ জেলা পুলিশের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা, বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষিকা, কৃতী শিক্ষার্থী ও তাদের অভিভাবকরা।

উল্লেখ্য, যশোর পুলিশ লাইন মাধ্যমিক বিদ্যালয় প্রতিষ্ঠার পর থেকেই শিক্ষা ক্ষেত্রে ধারাবাহিকভাবে জেলা ও বিভাগীয় পর্যায়ে সাফল্য অর্জন করে আসছে। বিদ্যালয়টি জেলা পুলিশ যশোরের তত্ত্বাবধানে পরিচালিত হয়ে আসছে।