যশোরে সরস্বতী পূজা উদযাপন

0

 

স্টাফ রিপোর্টার॥ সনাতন ধর্মীয় শাস্ত্র মতে, সরস্বতী পুজোর দিন বিদ্যারম্ভের জন্যে শ্রেষ্ঠ। সনাতন ধর্মীয় বাঙালি সমাজে হাতেখড়ির মাধ্যমে বিদ্যারম্ভের সূচনা করা হয়। এদিন পুজোর পর মা, বাবা অথবা পুরোহিত শিশুর হাত ধরে স্লেটে ‘অ, আ, ক, খ’ লিখিয়ে অক্ষর পরিচয় করান। এই হাতেখড়ির প্রথার শিক্ষার জগতে প্রবেশ করে সেই শিশু।
এমনই প্রথায় যশোর রামকৃষ্ণ আশ্রমে হাতেখড়ি দিল আড়াই বছরের শিশু শ্রেয়া। মা- বাবাকে পাশে বসিয়ে শ্রেয়াকে কাঠের স্লেটে খড়িমাটি (চক) দিয়ে ‘ওঁ ঐং সরস্বত্যৈ নমঃ’ লিখে বিদ্যারম্ভের সূচনা করে দিলেন আশ্রমের সহসম্পাদক স্বামী আত্মবিভানন্দ মহারাজ। শ্রেয়াসহ প্রায় ১৫জন শিশু আনুষ্ঠানিকভাবে শিক্ষাজীবন শুরু করলো এদিন।
এদিকে বসন্ত পঞ্চমী তিথিতে ধর্মীয় নানা আচার অনুষ্ঠানের মধ্য দিয়ে অনুষ্ঠিত হয়েছে বিদ্যা ও জ্ঞানের অধিষ্ঠাত্রী দেবী সরস্বতী পূজা। সনাতন ধর্মবিশ্বাসীদের বাসাবাড়িসহ সারাদেশের সাথে যশোরের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান ও মন্দিরে এ পূজা অনুষ্ঠিত হয়।
যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, সরকারি মাইকেল মধুসূদন কলেজ, সরকারি সিটি কলেজ, সরকারি মহিলা কলেজ, ডা. আব্দুর রাজ্জাক মিউনিসিপ্যাল কলেজ, যশোর জিলা স্কুল, সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়, সম্মিলনী ইনস্টিটিউশন, জেলা আইনজীবী ভবন, যশোর রামকৃষ্ণ আশ্রম ও মিমন, বেজপাড়া পূজা মন্দিরসহ বেশ কয়েকটি শিক্ষা প্রতিষ্ঠানে এ পূজা অনুষ্ঠিত হয়। এসব স্থানে সনাতনী শাস্ত্রীয় বিধান অনুসারে শ্রীপঞ্চমীর দিন সকালেই সরস্বতী পূজা সম্পন্ন হয়েছে।
সরেজমিনে দেখা গেছে, যশোরের অন্যতম প্রাচীন মন্দির (সম্মিলনী ইন্সটিটিউশন) যেখানে ১৩০ বছর ধরে সরস্বতী পূজা অনুষ্ঠিত হচ্ছে। তারই ধারাবাহিকতায় এ বছর ধর্মীয় আনুষ্ঠানিকতায় অনুষ্ঠিত হয়েছে এ পূজা।
যশোর সরকারি বালিকা বিদ্যালয়ে এ উপলক্ষ্যে আয়োজিত অনুষ্ঠানে সম্মানিত অতিথি ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) খালেদা খাতুন রেখা, জেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মাহফুজুল হোসেন, যশোর জিলা স্কুলের প্রধান শিক্ষক শোয়াইব হোসেন, বিদ্যালয়ের প্রধান শিক্ষক নারায়ন চন্দ্র দেবনাথ প্রমুখ।
এদিকে জেলা আইনজীবী সমিতির উদ্যোগে এবছরও আইনজীবী সমিতির ১ নম্বর ভবনে এ পূজা অনুষ্ঠিত হয়। ২০১৭ সাল থেকে প্রতিবছর এখানে এ পূজা অনুষ্ঠিত হচ্ছে।
এদিকে ১৯৯৯ সালে প্রতিষ্ঠালগ্ন থেকে এবছরও ডা. আব্দুর রাজ্জাক মিউনিসিপ্যাল কলেজে এ পূজা অনুষ্ঠিত হয়েছে। সকালে কলেজ ভবনের দ্বিতীয় তলায় প্রতিমা ও মঙ্গল ঘট স্থাপনের মধ্য দিয়ে শুরু হয় এ পূজা।
এছাড়া পুলেরহাটের আদ্-দ্বীন সকিনা উইমেন্স মেডিকেল কলেজে উদযাপিত হয়েছে হিন্দু ধর্মাবলম্বীদের সরস্বতী পূজা। পূজায় শিক্ষার্থীদের পাশাপাশি মেডিকেল কলেজের বিভিন্ন বিভাগের শিক্ষক-শিক্ষিকাবৃন্দও অংশ নেন।
প্যাথলজি বিভাগের প্রধান ও সহযোগী অধ্যাপক ডা. সম্পূর্ণা সেন ও রেল রোড আদ্-দ্বীন সকিনা মেডিকেল কলেজ হাসপাতালের অ্যানেস্থেশিস্ট ডা. শিব প্রসাদ সাহা, কলেজ সেক্রেটারি সুব্রত বসাক তাদের সুখানুভূতি প্রকাশ করেন।
এছাড়া যশোর সরকারি মাইকেল মধুসূদন কলেজের মধুমঞ্চে এ পূজায় সম্মানিত অতিথি ছিলেন কলেজের অধ্যক্ষ প্রফেসর মর্জিনা আক্তার।