ইউক্রেন ইস্যুতে ট্রাম্প প্রতিনিধিদের সঙ্গে পুতিনের ‘রুদ্ধদ্বার’ বৈঠক

0
ইউক্রেন যুদ্ধ বন্ধের জোর কূটনৈতিক প্রচেষ্টায় মস্কোয় প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে রুদ্ধদ্বার বৈঠক করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের শীর্ষ প্রতিনিধিরা। বৈঠক শেষে প্রতিনিধি দলটি এখন কিয়েভ সফরে যাচ্ছেন।। ছবি: সংগৃহীত

ইউক্রেন যুদ্ধ অবসানের জোর প্রচেষ্টার অংশ হিসেবে রাশিয়ার রাজধানী মস্কোতে দেশটির প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে ‘রুদ্ধদ্বার’ বৈঠক করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের শীর্ষ দুই প্রতিনিধি স্টিভ উইটকফ এবং জ্যারেড কুশনার। ক্রেমলিনে আয়োজিত এই উচ্চপর্যায়ের আলোচনাটি প্রায় তিন ঘণ্টা ধরে স্থায়ী হয়।

মার্কিন প্রতিনিধিদলের এই সফরের ঠিক এক সপ্তাহের কিছু আগে সিআইএ প্রধান জন র‍্যাটক্লিফ মস্কোতে একটি ‘বিরল সফর’ সম্পন্ন করেন। ক্রেমলিন থেকে প্রকাশিত ভিডিওতে দেখা যায়, প্রেসিডেন্ট পুতিন স্বয়ং মার্কিন প্রতিনিধিদের স্বাগত জানান এবং বর্তমান পরিস্থিতিকে “খুব একটা সহজ নয়” বলে অভিহিত করেন।

রাষ্ট্রীয় সূত্রে জানা গেছে, বৈঠকে আলোচনার বিস্তারিত বিষয়বস্তু বা উভয় পক্ষ কোনো চূড়ান্ত সমঝোতায় পৌঁছেছে কি না—সে বিষয়ে আনুষ্ঠানিকভাবে স্পষ্ট কিছু জানানো হয়নি। তবে পুতিনের উপদেষ্টা ইউরি উশাকভ আলোচনাকে ‘গঠনমূলক ও অত্যন্ত খোলামেলা’ বলে বর্ণনা করেছেন। তিনি জানান, সংঘাত নিরসনের পাশাপাশি সম্ভাব্য বৃহৎ ও পারস্পরিক লাভজনক রুশ-মার্কিন অর্থনৈতিক প্রকল্প নিয়ে কথা হয়েছে। উশাকভ আরও বলেন, “যুদ্ধক্ষেত্রে রুশ সেনাবাহিনীর দৃশ্যমান অগ্রগতি আমলে নেওয়া হয়েছে” এবং সংঘাতের মূল কারণগুলো সমাধানের জন্য আরও আলোচনার প্রয়োজন রয়েছে।

বৈঠকে ইউক্রেন শান্তি স্থাপনে ট্রাম্পের প্রচেষ্টার জন্য তাকে ধন্যবাদ জানান ভ্লাদিমির পুতিন। মার্কিন প্রতিনিধিদের সঙ্গে কাজ করতে স্বাচ্ছন্দ্যবোধ করছেন জানিয়ে পুতিন বলেন, “যা-ই ঘটুক না কেন, এ ধরনের যোগাযোগ নিঃসন্দেহে সবসময়ই উপকারী।” আলোচনার সুবিধার্থে এবং প্রতিনিধিদের নিরাপত্তা নিশ্চিত করতে তিন দিনের জন্য ইউক্রেনের রাজধানী কিয়েভে হামলা বন্ধ রাখার বিষয়ে সম্মত হয়ে নির্দেশ জারি করেছেন রুশ প্রেসিডেন্ট। তবে কিয়েভের বাইরে অন্যান্য অঞ্চলে এই সাময়িক যুদ্ধবিরতি প্রযোজ্য হবে না।

তিন দিন কিয়েভে হামলা বন্ধ রাখতে রাজি হওয়ায় মার্কিন দূত উইটকফ রুশ প্রেসিডেন্টকে ধন্যবাদ জানান। মস্কোয় আলোচনা শেষে মার্কিন দলটি রোববার ইউক্রেনের রাজধানী কিয়েভের উদ্দেশে রওনা হওয়ার কথা রয়েছে। ২০২২ সালে পূর্ণাঙ্গ আক্রমণ শুরুর পর এটিই তাদের প্রথম ইউক্রেন সফর।

ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি ট্রাম্পের দূতদের সফরের বিষয়টি নিশ্চিত করে জানান, কিয়েভ ফলপ্রসূ আলোচনার জন্য প্রস্তুত রয়েছে এবং প্রতিনিধিদের নিরাপত্তা নিশ্চিত করা হবে। অবশ্য এর আগেই গত শনিবার রাতে কিয়েভ ও বোরিসপিল বিমানবন্দরে রাশিয়ার বিমান হামলার কথা জানান তিনি।

উল্লেখযোগ্য যে, দীর্ঘ প্রচেষ্টা সত্ত্বেও এখন পর্যন্ত কোনো স্থায়ী শান্তি চুক্তিতে পৌঁছানো সম্ভব হয়নি। ২০২২ সালে যুদ্ধ শুরুর পর থেকে বর্তমানে ইউক্রেনের প্রায় এক-পঞ্চমাংশ ভূখণ্ড রাশিয়ার নিয়ন্ত্রণে রয়েছে। সম্প্রতি উভয় পক্ষই ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা জোরদার করেছে। এ অবস্থায় ট্রাম্পের পাঠানো নতুন শান্তি প্রস্তাব নিয়ে দুই দেশের রাজধানীতে এই কূটনৈতিক তৎপরতাকে অত্যন্ত গুরুত্বপূর্ণ হিসেবে দেখছেন আন্তর্জাতিক বিশ্লেষকরা।