খোলপেটুয়া নদীতে টেকসই বাঁধ নির্মাণের দাবিতে মানববন্ধন

0

সাতক্ষীরা সংবাদদাতা ॥ সাতক্ষীরার আশাশুনি উপজেলায় খোলপেটুয়া নদীর ভাঙন রোধ ও টেকসই বেড়িবাঁধ নির্মাণের দাবিতে বেসরকারি সংস্থা আলোর পথ এর আয়োজনে মানববন্ধন কর্মসূচি পালন করা হয়। বুধবার ভাঙনকবলিত এলকায় এ মানববন্ধন হয়।

সংগঠনের সভাপতি মোহাম্মদ নূরুন্নবী ও সাংগঠনিক সম্পাদক জহুরুল ইসলামের উপস্থিতিতে মানববন্ধনে বক্তব্য দেন, সংগঠনের সাধারণ সম্পাদক মাহবুব বিল্লাহ, শিক্ষা বিষয়ক সম্পাদক রমজান আলী, উপদেষ্টা শাহাবুদ্দিন হোসেন, মোহাম্মদ বাকী বিল্লাহ, কবি ও সাহিত্যিক হেলাল উদ্দিন, ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্র দেলোয়ার হোসাইন প্রমুখ। এ সময় বক্তারা বলেন, এখন আমাদের অস্তিত্ব রক্ষার সংগ্রাম করতে হবে। আমাদের ঘর-বাড়ি, জমি, স্বপ্ন সবকিছুই আজ ধ্বংসের মুখে। এই নদী আমাদের প্রাণ। কিন্তু কিছু অসাধু মানুষ ইচ্ছাকৃতভাবে বেডিবাঁধ ভাঙার সুযোগ সৃষ্টি করে, যাতে তারা ত্রাণের নামে কোটি কোটি টাকা আত্মসাৎ করতে পারে। তারা আমাদের দুর্ভোগকে নিজেদের মুনাফার হাতিয়ারে পরিণত করেছে।

আজ যখন আমরা নদীর পানিতে সর্বস্ব হারাচ্ছি, কেউ কেউ ত্রাণের ব্যাগ গুনছে। তারা বলেন, খোলপেটুয়া নদীতে জরুরি ভিত্তিতে টেকসই বেড়িবাঁধ নির্মাণ করতে হবে, ত্রাণ বিতরণে স্বচ্ছতা নিশ্চিত করতে হবে, বাজেটের সিটিজেন চার্টার দিতে হবে।