খুলনায় মসজিদের বারান্দায় দিনমজুরের গলাকাটা মরদেহ উদ্ধার

নিহতের গলায় ধারালো অস্ত্রের আঘাতের পাশাপাশি মাথায় ইটের আঘাতের চিহ্ন পাওয়া গেছে।

0

খুলনা ব্যুরো, লোকসমাজ : খুলনার হরিনটানা থানাধীন কৈয়া বাজারের জয়খালী ব্রিজ সংলগ্ন একটি মসজিদের বারান্দা থেকে ডালিম গাজি নামে এক দিনমজুরের গলাকাটা মরদেহ উদ্ধার করেছে পুলিশ। রোববার সকাল সাড়ে ৫টার দিকে এ হত্যাকাণ্ডের ঘটনা জানা যায়।

পুলিশ জানায়, খুলনা-সাতক্ষীরা মহাসড়ক সংলগ্ন জয়খালী উত্তরপাড়া বাইতুল মা’মুর জামে মসজিদের বারান্দায় স্থানীয়রা একটি মরদেহ পড়ে থাকতে দেখে হরিনটানা থানায় খবর দেন। পরে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে।

হরিনটানা থানার অফিসার ইনচার্জ (ওসি) হেলাল উদ্দিন জানান, নিহতের গলায় ধারালো অস্ত্রের আঘাতের পাশাপাশি মাথায় ইটের আঘাতের চিহ্ন পাওয়া গেছে। ঘটনাস্থল থেকে রক্তাক্ত একটি ইটও উদ্ধার করা হয়েছে।

নিহত ডালিম গাজি খুলনার কয়রা উপজেলার মহেশ্বরীপুর এলাকার আবুল হোসেন গাজী ও ভানু বিবির ছেলে। তিনি পেশায় দিনমজুর ছিলেন।

ঘটনার পর সিআইডির একটি দল ঘটনাস্থল থেকে আলামত সংগ্রহ করেছে। মরদেহ ময়নাতদন্তের জন্য খুলনা মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।

পুলিশ জানিয়েছে, কারা এবং কেন এ হত্যাকাণ্ড ঘটিয়েছে তা তদন্ত করে দেখা হচ্ছে। এ ঘটনায় এলাকায় আতঙ্ক বিরাজ করছে।