খুলনায় স্বেচ্ছাসেবক লীগের সম্মেলন: মহানগরে নাসিম-রাসেল; জেলায় হানিফ-রাসেল নির্বাচিত

0

স্টাফ রিপোর্টার, খুলনা॥ খুলনা মহানগর স্বেচ্ছাসেবক লীগের ত্রি-বার্ষিক সম্মেলনে সাবেক ছাত্রলীগ নেতা এম এ নাসিম সভাপতি এবং ছাত্রলীগের বর্তমান সাধারণ সম্পাদক আসাদুজ্জামান রাসেল সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন। একই সঙ্গে জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি শেখ মোঃ আবু হানিফ জেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি এবং স্বেচ্ছাসেবক লীগ নেতা আজিজুর রহমান রাসেল সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন। গতকাল শনিবার বিকালে সম্মেলনের দ্বিতীয় অধিবেশনে সভাপতি ও সাধারণ সম্পাদকদের নাম ঘোষণা করা হয়। নগরীর শহীদ হাদিস পার্কে এই সম্মেলন অনুষ্ঠিত হয়। এর আগে বেলা ১২টায় সম্মেলনের উদ্বোধন করেন স্বেচ্ছাসেবক লীগের কেন্দ্রীয় সভাপতি নির্মল রঞ্জন গুহ। সম্মেলনে প্রধান অতিথি ছিলেন আওয়ামী লীগের কেন্দ্রীয় যুগ্ম সাধারণ সম্পাদক আ ফ ম বাহাউদ্দিন নাছিম। সম্মানিত অতিথি ছিলেন বঙ্গবন্ধুর ভ্রাতুষ্পুত্র ও খুলনা-২ আসনের সংসদ সদস্য সেখ সালাহ উদ্দিন জুয়েল। বিশেষ অতিথি ছিলেন আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক এস এম কামাল হোসেন, খুলনা সিটি করপোরেশনের মেয়র ও মহানগর আওয়ামী লীগের সভাপতি তালুকদার আবদুল খালেক, জেলা আওয়ামী লীগের সভাপতি শেখ হারুনুর রশীদ, যুবলীগের প্রেসিডিয়াম সদস্য শেখ সোহেল উদ্দিন, সংসদ সদস্য আবদুস সালাম মুর্শেদী, আমিরুল ইসলাম মিলন, গ্লোরিয়া ঝর্না সরকার, আওয়ামী লীগ নেতা এম ডি এ বাবুল রানা, অ্যাডভোকেট সুজিত অধিকারী। সম্মেলনে প্রধান বক্তা ছিলেন স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক এ কে এম আফজালুর রহমান বাবু। বিশেষ বক্তা ছিলেন স্বেচ্ছাসেবক লীগের যুগ্ম সম্পাদক খায়রুল হাসান জুয়েল ও সাংগঠনিক সম্পাদক আবদুল্লাহ আল সায়েম। সভাপতিত্ব করেন সম্মেলন সমন্বয় কমিটির আহ্বায়ক মীর বরকত আলী।