খুলনায় মানবাধিকার ও টেকসই উন্নয়ন অভীষ্ট বিষয়ক প্রশিক্ষণ

0

 

স্টাফ রিপোর্টার,অভয়নগর (যশোর)॥ কাউকে বাদ দিয়ে নয় কোয়ালিশন গঠন এবং কোয়ালিশন সদস্যদের ‘মানবাধিকার এবং টেকসই উন্নয়ন অভীষ্ট বিষয়ক প্রশিক্ষণ ২ দিনের কর্মশালা খুলনায় অনুষ্ঠিত হয়েছে। সোমবার বিকেলে সিএসএস আভা সেন্টার এ কর্মশালা শেষ হয়। বাংলাদেশের উন্নয়ন কার্যক্রমসমূহে পিছিয়ে পড়া জনগোষ্ঠীর অর্ন্তভুক্তি সেবা প্রাপ্তির ক্ষেত্রে প্রতিবন্ধকতা দূরীকরণে সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের সাথে এডভোকেসি কার্যক্রম পরিচালনা এবং বিভাগীয় পর্যায়ের উন্নয়ন কার্যক্রমে পিছিয়ে পড়া জনগোষ্ঠীর অর্ন্তভুক্তি নিশ্চিত করার লক্ষ্যে খুলনা বিভাগীয় পর্যায়ে এ কর্মশালার আয়োজন করা হয়।
প্রশিক্ষণটি পরিচালনা করেন ডট কনলাল্টিংয়ের প্রতিষ্ঠাতা এবং প্রধান নির্বাহী কর্মকর্তা সৈয়দ ফয়সাল আহমেদ। প্রশিক্ষণের উদ্বোধনী দিনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অ্যাডভোকেট গ্লোরিয়া ঝর্ণা সরকার এমপি। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাতক্ষীরার তালা উপজেলা চেয়ারম্যান ঘোষ সনৎ কুমার ও নাগরিক উদ্যোগ এর প্রধান নির্বাহী জাকির হোসেন।
প্রশিক্ষণে উপস্থিত ছিলেন আয়োজক সংস্থা নাগরিক উদ্যোগ এর প্রকল্প সমন্বয়কারী ইসতিয়াক মাহমুদ, ক্যাপাসিটি বিল্ডিং এন্ড রিপোর্টিং অফিসার সাইফুর সুমন, নাগরিক উদ্যোগ-এর খুলনা বিভাগীয় সমন্বয়কারী মোঃ রহিদুল ইসলাম, বন্ধু সোস্যাল ওয়েলফেয়ার সোসাইটি (বন্ধু) এর খুলনা বিভাগীয় সমন্বয়কারী মোঃ রকিবুল ইসলাম এবং ওয়েভ ফাউন্ডেশন এর খুলনা বিভাগীয় ফ্যাসিলিটেটর মোঃ জহির উদ্দিন ।
উদ্বোধনী অনুষ্ঠানে যশোরের অভয়নগর উপজেলার নওয়াপাড়া প্রেসক্লাবের সভাপতি সাংবাদিক নজরুল ইসলাম মল্লিককে সভাপতি, উদ্ভাবনী মহিলা সংস্থা, খুলনা এর নির্বাহী পরিচালক মারিয়া ভূইয়া মেরী ও নক্ষত্র যুব মানব কল্যান সংস্থার চেয়ারপার্সন পাখি দত্তকে সহ-সভাপতি, অধ্যক্ষ দেব প্রসাদ মন্ডলকে সাধারণ সম্পাদক এবং যশোর সদর উপজেলা এডভোকেসী নেটওয়ার্ক কমিটির সভাপতি শামসুন্নাহার পান্নাকে সাংগঠনিক সম্পাদক করে ২৫ সদস্য বিশিষ্ট ‘কাউকে বাদ দিয়ে নয় কোয়ালিশন’ ঘোষণা করা হয় । কোয়ালিশন-এর উপদেষ্টা হিসেবে রয়েছেন এডভোকেট গ্লোরিয়া ঝর্ণা সরকার এমপি ও সাতক্ষীরার তালা উপজেলা চেয়ারম্যান ঘোষ সনৎ কুমার ।