খুলনার মেট্রোপলিটন কলেজের অধ্যক্ষসহ ৪ জনের বিরুদ্ধে যশোর আদালতে মামলা

0

স্টাফ রিপোর্টার ॥ খুলনার সোনাডাঙ্গার সবুজবাগস্থ মেট্রোপলিটন কলেজের অধ্যক্ষসহ ২ শিক্ষক ও ম্যানেজিং কমিটির ২ সদস্যের বিরুদ্ধে মঙ্গলবার যশোর সদর আমলী আদালতে মামলা হয়েছে। ৮ লাখ টাকা গ্রহণের বিনিময়ে কলেজের সেমিনার কাম কম্পিউটার অপারেটর পদে চাকরির ভুয়া নিয়োগপত্র দেওয়ার অভিযোগে তাদের বিরুদ্ধে মামলাটি করেছেন আল আমিন নামে এক ব্যক্তি। ৬ বছর আগে তিনি চাকরির জন্য তাদেরকে এই ৮ লাখ টাকা দিয়েছিলেন। জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট মো. ইমরান আহমেদ তার অভিযোগের তদন্ত করে প্রতিবেদন দাখিলের জন্য সিআইডি’র বিশেষ পুলিশ সুপারকে আদেশ দিয়েছেন।
অভিযুক্তরা হলেন-মেট্রোপলিটন কলেজের অধ্যক্ষ দিবাকর বাওয়ালী, হিসাব বিজ্ঞানের প্রভাষক শেখ মোস্তাফিজুর রহমান হিরু, ম্যানেজিং কমিটির সদস্য মো. আলী হোসেন বাবু ও রোকেয়া বেগম। অপরদিকে মামলার বাদী আল আমিন চৌগাছা উপজেলার দেবীপুর গ্রামের আরশাদ আলীর ছেলে।
মামলায় আল আমিন উল্লেখ করেছেন, ২০১৭ সালের ১২ অক্টোবর মেট্রোপলিটন কলেজের বিভিন্ন পদের জন্য বিজ্ঞপ্তি প্রকাশ করা হলে আল আমিন সেমিনার কাম কম্পিউটার পদে চাকরির জন্য আবেদন করেন। পরবর্তীতে অধ্যক্ষ দিবাকর বাওয়ালীসহ উল্লিখিত আসামিরা তাকে জানান, তাদেরকে ৮ লাখ টাকা দিলে তারা বৈধভাবে নিয়োগ পাইয়ে দিবেন। তাদের কথায় বিশ্বাস করে একই বছরের ১২ ডিসেম্বর বিকেলে যশোর শহরের ঘোপ জেল রোডের একটি বাড়িতে বসে আসামিদেরকে ৮ লাখ টাকা দেন তিনি। এরপর আল আমিন কলেজে চাকরির জন্য মৌখিক ও লিখিত পরীক্ষায় অংশ নেন। ২০১৮ সালের ১০ এপ্রিল অধ্যক্ষ দিবাকর বাওয়ালী তাকে একটি নিয়োগপত্র দিলে তিনি কলেজে যোগদান করেন। কিন্তু আল আমিন কলেজে যোগদান করলেও তাকে হাজিরা খাতায় স্বাক্ষর করতে দেওয়া হয়নি। এ সময় আসামিরা তাকে জানান, ৩ মাসের মধ্যে আল আমিনের বেতন হবে এবং সেই সময় থেকে তিনি হাজিরা খাতায় স্বাক্ষর করবেন। তাদের কথায় বিশ্বাস করে কলেজে চাকরি করতে থাকেন আল আমিন। কিন্তু ৩ মাস পার হয়ে গেলেও আল আমিনের বেতন না হওয়ায় তিনি আসামিদের সাথে যোগাযোগ করলে তারা এ বিষয়ে তালবাহনা করতে থাকেন। এভাবে দীর্ঘ ১ বছর পার হলে সন্দেহ হওয়ায় আল আমিন শিক্ষা বোর্ড ও জাতীয় বিশ্বাবিদ্যালয়ে খোঁজ নিয়ে জানতে পারেন, আসামিরা তাকে যে নিয়োগপত্র দিয়েছেন সেটি ভুয়া। বিষয়টি জানতে পেরে তিনি মানসিকভাবে ভেঙ্গে পড়েন। কলেজে যাতায়াত বন্ধ করে দেন। কয়েক বছর এভাবে চলার পর চলতি বছরের ১ ডিসেম্বর আসামিদের সাথে যোগাযোগ করেন আল আমিন। এ সময় তিনি তাকে দেওয়া ভুয়া নিয়োগপত্রের কথা উল্লেখ করে তার দেওয়া ৮ লাখ টাকা ফেরত চান। কিন্তু আসামিরা তাকে ভুয়া নিয়োগপত্র দেওয়ার কথা স্বীকার করলেও ৮ লাখ টাকা ফেরত দিতে অপরাগতা প্রকাশ করেন। যে কারণে আদালতের আশ্রয় নিয়েছেন আল আমিন।
এদিকে যোগাযোগের চেষ্টা করা হলে অভিযুক্ত অধ্যক্ষ দিবাকর বাওয়ালী ও প্রভাষক শেখ মোস্তাফিজুর রহমান হিরুর মোবাইল ফোন নম্বর বন্ধ পাওয়া যায়। অপর অভিযুক্ত ম্যানেজিং কমিটির সদস্য মো. আলী হোসেন বাবুকে দুই দফা মোবাইল ফোন করা হলে তিনি জানান, অধ্যক্ষের সাথে এ বিষয়ে কথা বলে জানাবেন। কিন্তু দীর্ঘ সময় পার হলেও তিনি এই প্রতিবেদকের সাথে আর যোগাযোগ করেননি।