খালেদা জিয়ার মৃত্যু: হাজারো চোখে অশ্রু, হাসপাতালের ফটকে জনতার ভিড়

0
বসুন্ধরার এভারকেয়ার হাসপাতাল এলাকায় হাজারো মানুষের ভিড় ।। ছবি: সংগৃহীত

লোকসমাজ ডেস্ক ॥ মঙ্গলবার (৩০ ডিসেম্বর) সকাল থেকেই রাজধানীর বসুন্ধরার এভারকেয়ার হাসপাতাল এলাকার দৃশ্যপট বদলে যায়। বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার মৃত্যুর সংবাদ ছড়িয়ে পড়ার পর থেকেই হাসপাতালের সামনে আছড়ে পড়ে হাজারো মানুষের স্রোত। দীর্ঘদিনের প্রিয় নেত্রীকে শেষবারের মতো দেখতে আসা নেতা-কর্মী, সমর্থক ও সাধারণ মানুষের উপস্থিতিতে পুরো এলাকা শোকের এক স্তব্ধ প্রাঙ্গণে পরিণত হয়।

সকাল থেকে হাসপাতালের প্রধান ফটকের সামনে জড়ো হওয়া মানুষের চোখেমুখে ছিল গভীর শোকের ছাপ। চিরচেনা সেই দলীয় স্লোগান আজ অনুপস্থিত; তার বদলে চারদিকে কেবল কান্নার শব্দ আর দীর্ঘশ্বাস। অনেক জ্যেষ্ঠ নেতাকে একে অপরকে জড়িয়ে ধরে অঝোরে কাঁদতে দেখা যায়। কেউ দুহাত তুলে মোনাজাত করছেন, কেউ আবার নির্বাক হয়ে তাকিয়ে আছেন হাসপাতালের জানালার দিকে। শোকের এই আবহ শুধু দলীয় গণ্ডিতেই সীমাবদ্ধ ছিল না; সাধারণ মানুষের ভিড়ও ছিল চোখে পড়ার মতো।

বেলা বাড়ার সঙ্গে সঙ্গে হাসপাতাল চত্বর ও সংলগ্ন সড়কে মানুষের চাপ বাড়তে থাকে। ভিড়ের মধ্যে দাঁড়িয়ে অনেক কর্মীকে প্রিয় নেত্রীর আপসহীন লড়াই ও কারাবন্দি জীবনের স্মৃতিচারণা করতে দেখা যায়। ভিড় সামাল দিতে হাসপাতাল এলাকায় অতিরিক্ত আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী মোতায়েন করা হয়েছে। ভক্ত ও অনুসারীদের ভাষায়—রাজনীতির এক মহীরুহের পতনে যে শূন্যতা তৈরি হলো, তা অপূরণীয়।