খাজুরায় যুবদল কর্মী খুন

গ্রামের একটি মসজিদকে কেন্দ্র করে দীর্ঘদিনের বিরোধের জেরে এ ঘটনা ঘটে থাকতে পারে বলে স্থানীয়রা ধারণা করছেন

0
যশোরের খাজুরায় যুবদল কর্মী খুন
খাজুরায় নিহত রুবেল হোসেন- লোকসমাজ

স্টাফ রিপোর্টার, লোকসমাজ : যশোরের বাঘারপাড়া উপজেলার খাজুরায় ছুরিকাঘাতে রুবেল হোসেন (৩৮) নামে স্থানীয় যুবদলের এক কর্মী নিহত হয়েছেন। তিনি তেলিধান্যপাড়া গ্রামের মৃত মুনতাজ ঢালীর ছেলে।

রোববার বেলা সাড়ে ১১টা থেকে পৌনে ১২টার মধ্যে খাজুরা পুলিশ ফাঁড়ির কাছে যশোর-মাগুরা মহাসড়কের পাশে এ ঘটনা ঘটে।

বাঘারপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহজালাল আলম জানান, পূর্ব শত্রুতার জের ধরে এ হত্যাকাণ্ড ঘটেছে। স্থানীয়দের ভাষ্য অনুযায়ী, রাব্বি নামে এক যুবকসহ কয়েকজন রুবেল হোসেনের ওপর হামলা চালিয়ে তাকে উপর্যুপরি ছুরিকাঘাত করে। তার বুকে, পিঠে ও মুখে একাধিক ছুরিকাঘাতের চিহ্ন রয়েছে।

গুরুতর আহত অবস্থায় স্থানীয়রা তাকে যশোর জেনারেল হাসপাতালে নিয়ে গেলে জরুরি বিভাগের চিকিৎসক মৃত ঘোষণা করেন।

ওসি আরও জানান, গ্রামের একটি মসজিদকে কেন্দ্র করে দীর্ঘদিনের বিরোধের জেরে এ ঘটনা ঘটে থাকতে পারে বলে স্থানীয়রা ধারণা করছেন। প্রকৃত ঘটনা উদ্ঘাটন এবং জড়িতদের গ্রেপ্তারে পুলিশ কাজ করছে।

যশোর জেলা যুবদলের সাধারণ সম্পাদক আনসারুল হক রানা বলেন, নিহত রুবেল হোসেন বন্দবিলা ইউনিয়ন যুবদলের এক জন সক্রিয় কর্মী ছিলেন। তিনি এ হত্যাকান্ডে জড়িতদের আটক দাবি করে বলেন, রুবেলের মৃত্যুতে আমরা শোকাহত

পুলিশ জানিয়েছে, নিহত রুবেলের মরদেহ ময়নাতদন্তের জন্য যশোর জেনারেল হাসপাতালের মর্গে রাখা হয়েছে।