খাজুরায় গৃহবধূর আত্মহত্যা

0

 

খাজুরা (যশোর) সংবাদদাতা॥ যশোরের খাজুরায় স্বামীর ওপর অভিমান করে গলায় ফাঁস দিয়ে হাবিবা খাতুন (২৫) নামে এক গৃহবধূ আত্মহত্যা করেছেন। বৃহস্পতিবার স্থানীয় জহুরপুর ইউনিয়নের রাজাপুর গ্রামে এ ঘটনা ঘটে।

হাবিবা খাতুন ওই গ্রামের মালয়েশিয়া প্রবাসী জনি হোসেনের স্ত্রী।

পুলিশ পরিবারের বরাত দিয়ে জানায়, চারদিন আগে দেশে ফিরেছেন জনি। বৃহস্পতিবার ভোরে জনিকে ঘুম থেকে ডাকেন হাবিবা। এ সময় জনি বলেন, আরেকটু পরে উঠবো। কিছু সময় পর তাদের দেড় বছর বয়সী মেয়ে কান্নাকাটি শুরু করলে জনির ঘুম ভেঙে যায়। উঠে দেখেন হাবিবা ঘরে নেই। খোঁজাখুজির এক পর্যায়ে পাশের ঘরের আড়ার সঙ্গে ওড়না দিয়ে ফাঁস লাগানো অবস্থায় হাবিবাকে উদ্ধার করেন। তাৎক্ষণিক পরিবারের লোকজন তাকে যশোর জেনারেল হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

খাজুরা পুলিশ ক্যাম্পের উপপরিদর্শক অভিজিৎ সিংহ রায় বিষয়টি নিশ্চিত করেছেন।