ক্যানসারে মারা গেলেন মা, অন্ত্যেষ্টিক্রিয়ায় যোগ দিতে চিন্ময় কৃষ্ণ দাসের প্যারোলে মুক্তি

0
ক্যানসারে মারা গেছেন চিন্ময় কৃষ্ণ দাস ব্রহ্মচারীর মা সন্ধ্যা রাণী ধর। গতকাল তাকে দেখতে স্বজনরা প্যারোলের আবেদন করলেও আজ সকালে মৃত্যুর পর শেষকৃত্যে অংশ নিতে তার মুক্তি মঞ্জুর করে চট্টগ্রাম জেলা প্রশাসন।। ফাইল ছবি: সংগৃহীত

মায়ের মৃত্যুতে কারাবন্দী সনাতনী জাগরণ জোটের মুখপাত্র চিন্ময় কৃষ্ণ দাস ব্রহ্মচারীকে পাঁচ ঘণ্টার জন্য প্যারোলে মুক্তির আদেশ দিয়েছে চট্টগ্রাম জেলা প্রশাসন। বৃহস্পতিবার (১০ সেপ্টেম্বর) দুপুরে চট্টগ্রামের অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট সৈয়দ মাহবুবুল হক এই আদেশ দেন।

এর আগে আজ বৃহস্পতিবার সকালে চট্টগ্রামের হাটহাজারীর শ্রীশ্রী পুণ্ডরীক ধাম আশ্রমে চিন্ময় কৃষ্ণ দাস ব্রহ্মচারীর মা সন্ধ্যা রানী ধর (৭২) প্রয়াণ করেন। ক্যানসারে আক্রান্ত মায়ের প্রয়াণের পর পরিবারের পক্ষ থেকে প্যারোলে মুক্তির জন্য চট্টগ্রাম জেলা প্রশাসকের কাছে লিখিত আবেদন জানানো হয়।

আবেদন মঞ্জুরের বিষয়টি নিশ্চিত করে চট্টগ্রাম জেলা প্রশাসক মোহাম্মদ জাহিদুল ইসলাম মিঞা জানান, স্বজনদের আবেদনের পরিপ্রেক্ষিতে আইনানুগ প্রক্রিয়া অনুসরণ করে চিন্ময় কৃষ্ণ দাসকে পাঁচ ঘণ্টার জন্য প্যারোলে মুক্তির সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে।

এদিকে চট্টগ্রাম কেন্দ্রীয় কারাগারের জ্যেষ্ঠ তত্ত্বাবধায়ক ইকবাল হোসেন জানান, জেলা প্রশাসনের প্যারোলে মুক্তির নির্দেশের বিষয়টি তারা অবহিত হয়েছেন। আদালতের বা প্রশাসনের লিখিত আদেশ হাতে পাওয়ার সাথে সাথেই তাঁকে নির্ধারিত সময়ের জন্য মুক্তি দেওয়া হবে।

উল্লেখ্য, ২০২৪ সালের ৩১ অক্টোবর চট্টগ্রাম নগরের চান্দগাঁও মোহরা ওয়ার্ড বিএনপির তৎকালীন সাধারণ সম্পাদক ফিরোজ খান বাদী হয়ে কোতোয়ালি থানায় জাতীয় পতাকা অবমাননার অভিযোগে চিন্ময় কৃষ্ণ দাস ব্রহ্মচারীসহ ১৯ জনের বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহ মামলা করেন। পরবর্তীতে ফিরোজ খানকে দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে বিএনপি থেকে অব্যাহতি দেওয়া হয়। উক্ত মামলায় একই বছরের ২৫ নভেম্বর ঢাকা থেকে চিন্ময় কৃষ্ণ দাসকে গ্রেপ্তার করা হয়। ২৬ নভেম্বর তাঁর জামিন শুনানিকে কেন্দ্র করে উদ্ভূত সংঘর্ষে আইনজীবী সাইফুল ইসলাম নিহত হন, যে ঘটনায় তাঁর বাবা বাদী হয়ে আলাদা হত্যা মামলা দায়ের করেন।