কোটচাঁদপুরে তেলবাহী ট্রেনের ৩ ট্যাংকার লাইনচ্যুত, খুলনার সঙ্গে রেল যোগাযোগ বন্ধ

0
কোটচাঁদপুরে তেলবাহী ট্রেনের ৩ ট্যাংকার লাইনচ্যুত
কোটচাঁদপুরে তেলবাহী ট্রেনের ৩ ট্যাংকার লাইনচ্যুত হয়েছে রোববার- লোকসমাজ

ঝিনাইদহ সংবাদদাতা, লোকসমাজ : ঝিনাইদহের কোটচাঁদপুর উপজেলার সাফদারপুর রেলওয়ে স্টেশন এলাকায় তেলবাহী একটি মালবাহী ট্রেনের তিনটি ট্যাংকার লাইনচ্যুত হয়েছে। এ ঘটনায় খুলনার সঙ্গে উত্তরাঞ্চলের রেল যোগাযোগ সাময়িকভাবে বন্ধ হয়ে গেছে।

রোববার (৭ জুন) সকাল ৬টার দিকে এ দুর্ঘটনা ঘটে।

কোটচাঁদপুর স্টেশন মাস্টার গোলাম রসুল নয়ন জানান, খুলনা থেকে তেল নিয়ে পার্বতীপুরগামী একটি মালবাহী ট্রেন সাফদারপুর রেলওয়ে স্টেশন এলাকায় পৌঁছালে এর তিনটি তেলবাহী ট্যাংকার লাইনচ্যুত হয়। তবে ঘটনায় কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।

তিনি বলেন, ট্যাংকারগুলো লাইনচ্যুত হওয়ায় খুলনার সঙ্গে উত্তরাঞ্চলের রেলপথে ট্রেন চলাচল বন্ধ রয়েছে।

দুর্ঘটনার খবর পেয়ে উদ্ধারকারী ট্রেন ঘটনাস্থলের উদ্দেশে রওনা হয়েছে বলে জানিয়েছেন যশোর জংশন রেলওয়ে স্টেশনের স্টেশন মাস্টার আইনুল হাসান।

রেলওয়ে কর্তৃপক্ষ জানিয়েছে, লাইনচ্যুত ট্যাংকারগুলো উদ্ধার করে দ্রুত রেল চলাচল স্বাভাবিক করার কাজ চলছে। একই সঙ্গে দুর্ঘটনার কারণ অনুসন্ধানে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।