কোটচাঁদপুরে দোকান থেকে ১২ লাখ টাকার মোবাইল ফোন চুরি

0

কোটচাঁদপুর (ঝিনাইদহ) সংবাদদাতা ॥ কোটচাঁদপুর শহরে বৃহস্পতিবার সকালে স্যামসাং ফোন গ্যালারির শোরুম ভেঙে অন্তত ১২ লাখ টাকার মোবাইল ফোনসেট চুরি হয়েছে।
শোরুমের সিসি ক্যামেরায় দেখা যায়, পাঁচজন চোর সকাল সাতটার দিকে স্যামসাং ফোন গ্যালারির শোরুমের সামনে অবস্থান নেয়। এরমধ্যে একজন শোরুমের তালা ভেঙে ভেতরে প্রবেশ করে। বাকি চারজন পাহারায় থাকে। মাত্র ১৫ মিনিট সেখানে অবস্থান করে শোরুমের দামি মোবাইল ফোনগুলো দুটি কালো ব্যাগের মধ্যে নিয়ে পিঠে ঝুলিয়ে স্থান ত্যাগ করে। পাঁচজন চোরের মধ্যে দুজনের মুখে মাস্ক ছিল। সকাল সাতটায় এ চুরি সংঘঠিত হওয়ায় রাস্তা দিয়ে চলাচলরত স্থানীয়রা কেউ ধারণাই করতে পারেনি এ সময়ে এ ধরনের চুরি হতে পারে।
ওই প্রতিষ্ঠানের মালিক শিশির আহমেদ সমীর বলেন, সকাল আটটার দিকে তিনি শোরুম খুলতে গিয়ে তালা ভাঙা দেখতে পান। ভেতরে প্রবেশ করে দেখেন মোবাইল ফোনসেটের শোকেস ফাঁকা। তিনি তৎক্ষণাৎ চুরি হওয়া মোবাইল ফোনের সংখ্যা জানাতে না পরলেও দাবি করেন তাঁর শোরুমের অন্তত ১২ লাখ টাকার ফোন চোরেরা নিয়ে গেছে।
কোটচাঁদপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) কবির হোসেন মাতব্বর বলেন, ‘খবর পেয়ে ঘটনাস্থলে পৌর ফাঁড়ি ইনচার্জকে পাঠানো হয়েছিল। সিসি ক্যামেরার ফুটেজ সংগ্রহ করা হয়েছে। দ্রুতই আসামি শনাক্ত করে তাদের আইনের আওতায় আনতে পারবো।’ শেষ খবর পাওয়া পর্যন্ত মামলার প্রস্তুতি চলছিল।