কেশবপুরে ‘প্রতারক’ চার ব্যবসায়ীকে আটকের দাবিতে মানববন্ধন

0

স্টাফ রিপোর্টার, কেশবপুর (যশোর) ॥ বগুড়ার ব্যবসায়ী শফিউল আলম প্রতারণার অভিযোগে কেশবপুর থানায় দায়ের করা মামলায় চার আসামিকে গ্রেফতারের দাবিতে অন্যান্য ব্যবসায়ীদের নিয়ে মানববন্ধন করেছেন। উপজেলার কলাগাছি বাজারে রোববার এ মানববন্ধন কর্মসূচি পালন করা হয়।
বগুড়ার ব্যবসায়ী শফিউল আলম কাঠের রঙের কাঁচামালের ব্যবসা করেন। ব্যবসায়িক চুক্তির অধীনে আয়ুব হোসেন, মো. মনিরুজ্জামান, তরিকুল আনছারী এবং ফারুক আনাছারী তার কাছ থেকে ৯৬ লাখ টাকা সংগ্রহ করলেও নির্ধারিত পণ্য সরবরাহে ব্যর্থ হয়েছেন। তারা নিজেদের মোবাইল ফোন সংযোগ বন্ধ করে তার সাথে যোগাযোগ বিচ্ছিন্ন করেছেন।
মানববন্ধনে শফিউল আলম আরও বলেন, গত দুই বছর ধরে সাতক্ষীরার গয়ড়া এলাকার এই চারজন আসামির সাথে তিনি ব্যবসায়িক লেনদেন চালাচ্ছিলেন। সম্প্রতি কেশবপুর থানার খতিয়াখালী মোড় সংলগ্ন সালাম নামের এক ব্যক্তির গোডাউন ভাড়া নিয়ে পণ্য সংরক্ষণ এবং সরবরাহের কাজে নিয়োজিত থাকলেও তারা প্রতিশ্রুত পণ্য সরবরাহে ব্যর্থ হন। গত ৭ নভেম্বর পণ্য পাঠানোর কথা থাকলেও পণ্য সরবরাহ না করায় এবং তাদের মোবাইল ফোন বন্ধ পাওয়ায় কেশবপুর থানায় অভিযোগ দেন শফিউল আলম। মানববন্ধনে আরও বক্তব্য দেন, কেশবপুরের ব্যবসায়ী শাহীন গাজী, শাহীন আলম,আফসার সরদার, লুৎফর বিশ্বাস প্রমুখ। মামলার তদন্ত কর্মকর্তা লিটন দাস জানান, গত শনিবার থানায় মামলা হয়েছে। আসামিদের আটকে অভিযান চলছে।