কেশবপুরে পৌরকাউন্সিলরের হাতে ছাত্রলীগের ৫কর্মী আহত

0

 

স্টাফ রিপোর্টার, কেশবপুর(যশোর)॥ রোববার রাতে পৌরসভার সাবদিয়া মোড়ে কেশবপুর কলেজ ছাত্রলীগ নেতা রায়হান হোসেন(৩০)কে ধারালো অস্ত্রের আঘাতে কুপিয়ে জখম করার ঘটনা ঘটেছে। এ সময় আরো ৪ জন আহত হয়েছে। পৌর ওয়ার্ড কাউন্সিলর কবীর হোসেনের নেতৃত্বে এঘটনা ঘটে। এর প্রতিবাদে সোমবার দুপুরে সাবদিয়া এলাকাবাসী ও কেশবপুর ছাত্রলীগের একটি অংশ বিক্ষোভ মিছিল করেছে। জখমের ঘটনায় আহত রায়হানের চাচা সিরাজুল ইসলাম বাদী হয়ে পৌরসভার ৩ নম্বর ওয়ার্ড কাউন্সিলর কবীর হোসেনসহ ১৪ জনের নাম উল্লেখসহ অজ্ঞাত নামা আসামিদের বিরুদ্ধে থানায় লিখিত এজাহার দায়ের করেছেন।
অভিযোগে উল্লেখ করা হয়েছে যে, পূর্ব শত্রুতার জের ধরে রোববার সন্ধ্যা সাড়ে সাতটার দিকে কাউন্সিলর কবীর হোসেনের নের্তৃত্বে মৃত আয়ুব সরদারের ছেলে রায়হান, টুটুল হোসেন(৪০), সোহাগ(৩০), সুমন(৩০), রুহুল আমিন(২২) কে লোহার রড, কাঠের বাটাম, হাতুড়ি ও রামদার কোপে গুরুতর জখম করে। গুরুতর জখম অবস্থায় ছাত্রলীগ নেতা রায়হানকে কেশবপুর উপজেলা স্বাস্থ্যকমপ্লেক্সে ভর্তি করা হয়, অন্যরা প্রাথমিক চিকিৎসা নিয়েছে।
এ ঘটনার প্রতিবাদে ও বিতর্কিত কাউন্সিলর কবীর হোসেনকে আটকের দাবিতে সোমবার দুপুরে এলাকাবাসী ও ছাত্রলীগের একটি অংশ শহরে বিক্ষোভ মিছিল করে। বর্তমানে এলাকায় থমথমে অবস্থা বিরাজ করছে।পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে।
অভিযুক্ত ৩ নম্বর ওয়ার্ড কাউন্সিলর কবীর হোসেনের মুঠোফোনে যোগাযোগ করে সংযোগ না পাওয়ায় বক্তব্য প্রকাশ করা সম্ভব হয়নি।
কেশব্পুর থানার অফিসার ইনচার্জ মো. বোরহান উদ্দিন বলেন, এ ঘটনায় একটি অভিযোগ পাওয়া গেছে। তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা নেয়া হবে। বর্তমানে পরিস্থিতি স্বাভাবিক আছে।