কেশবপুরে ঘের মালিকের হামলায় জমির মালিকসহ ৩ জন জখম, ৯৯৯ এ ফোন দিয়ে উদ্ধার

0

 

স্টাফ রিপোর্টার, কেশবপুর (যশোর)॥ যশোরের কেশবপুরে ঘেরের মাটি বিক্রি করাকে কেন্দ্র করে ঘের মালিক ও তার সহযোগীদের হামলায় জমির দুই মালিকসহ ৩ জন গুরুতর জখম হয়েছেন। সন্ত্রাসী হামলার শিকার হয়ে ৯৯৯ এ ফোন দিলে পুলিশ তাদের উদ্ধার করে। পরে তাদেরকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। এ ঘটনায় জমির মালিক হুমায়ুন কবীর বাদী হয়ে ঘের মালিক জাহাঙ্গীর আলমসহ ৪ জনের নামে থানায় অভিযোগ করেছেন।
অভিযোগ সূত্রে জানা গেছে, উপজেলার বাগদা গ্রামের আবুল কাশেমের বাগদার বিলে ১০ বিঘা জমির একটি মাছের ঘের রয়েছে। ৭ বছর আগে ঘেরটি লিজ নেন বাগদা গ্রামের মৃত রাজ্জাক সরদারের ছেলে ঘের মালিক জাহাঙ্গীর আলম। তিনি জমির মালিক কৃষক আবুল কাশেমকে না জানিয়ে ওই ঘেরের মাটি বিক্রি করে দেন শ্রীরামপুর গ্রামের মাটি ব্যবসায়ী বাবলুর রহমানের কাছে। এনিয়ে জমির মালিক কৃষক আবুল কাশেমের সাথে ঘের মালিক জাহাঙ্গীর আলমের কথাকাটাকাটি হয়।
এরই জের ধরে গত শনিবার ১১টার দিকে ঘের মালিক জাহাঙ্গীর আলমসহ ৫/৬ জন যুবক লাঠিসোটা নিয়ে আবুল কাশেমের বাড়িতে ঢুকে তাকে ও তার ছেলে হুমায়ুন কবীরকে এলোপাতাড়িভাবে মারপিট করে মারাতœক জখম করে। এতে আবুল কাশেমের একটি হাত ভেঙে যায়। তাদের উদ্ধার করতে গিয়ে মারাতœক আহত হন আবুল কাশেমের অসুস্থ স্ত্রী রেহেনা বেগম।
উপয়ান্তর না পেয়ে হুমায়ুন কবীর ৯৯৯ নম্বরে ফোন করলে কেশবপুর থানার পুলিশ তাদের উদ্ধার করে। এলাকাবাসী আহত ৩ জনকে কেশবপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেছে।
এ ঘটনায় হুমায়ুন কবীর বাদী হয়ে ঘের মালিক জাহাঙ্গীর আলম, তার সহযোগী শফিকুল ইসলাম লিন্টু, শফিকুল আলম পিন্টু ও মহিউদ্দীন সরদারকে আসামি করে থানায় অভিযোগ করেছেন।
কেশবপুর থানার উপপরিদর্শক মিজানুর রহমান বলেন, অভিযোগ পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করা হয়েছে। বিষয়টি নিরসনে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।