কেশবপুরের সুফলাকাটি ইউপি চেয়ারম্যানের প্রতি অনাস্থা

0

স্টাফ রিপোর্টার ॥ যশোরের কেশবপুর উপজেলার সুফলাকাটি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এস এম মনজুর রহমানের প্রতি অনাস্থা দিয়েছেন সব সদস্য। একই সাথে তারা আইনানুযায়ী নতুন চেয়ারম্যান নির্বাচিত করে ইউনিয়ন পরিষদের কার্যক্রম পরিচালনার দাবিতে বৃহস্পতিবার জেলা প্রশাসক বরাবর স্মারকলিপি প্রদান করেছেন।
স্মারকলিপিতে সুফলাকাটি ইউনিয়ন পরিষদের সদস্যরা বলেন, এস এম মনজুর রহমান চেয়ারম্যান নির্বাচিত হওয়ার পর থেকে স্বেচ্ছাচারিতার মাধ্যমে ইউনিয়ন পরিষদের কার্যক্রম করে আসছেন। নির্বাচিত সদস্যদের মতামতকে উপেক্ষা করে ব্যক্তিগত সিদ্ধান্তে অনড় থেকে তার নিজস্ব লোকজন নিয়ে কাজকর্ম দেখাশোনা ও সার্বিক দায়িত্ব দিয়ে সরকারি প্রকল্প বাস্তবায়ন করেন। ইউনিয়নের কোন ব্যক্তি কোন বিষয়ে অভিযোগ দায়ের করলে সংশ্লিষ্ট ওয়ার্ডের সদস্যের ওপর তদন্তভার না দিয়ে চেয়ারম্যান তার নিজে অভিযোগের তদন্ত করেন। অধিকাংশ সময় তিনি ইউনিয়ন পরিষদে থাকেন না। তার কাছে কোন ব্যক্তি ওয়ারেশ কায়েম, নাগরিক কিংবা চারিত্রিক সনদ নিতে গেলে তাকে না পেয়ে ভোগান্তির শিকার হন। সরকারিভাবে ইউনিয়ন পরিষদের বরাদ্দকৃত কার্ড জনসংখ্যার হারে প্রতি ওয়ার্ডে ভাগ হলেও চেয়ারম্যান আমাদের (সদস্য) না দিয়ে আওয়ামী লীগের রাজনীতির সাথে জড়িতের মাধ্যমে কার্ড প্রদান করেন। তার এহেন কর্মকান্ডের জন্যে আমাদেরকে প্রতিনিয়ত ভোটারদের কাছে জবাবদিহি করতে হয়।
সফুলাকাটি ইউনিয়নের সংরক্ষিত সদস্য সালমা বেগম, জাহানারা বেগম, মেরী খাতুন, সদস্য আজিজুর রহমান, আফসার আলী, কালাম পাটোয়ারী, অসীম কুমার, আলমগীর হোসেন, সেলিম মোল্লা, রেজাউল মজুমদার, আব্দুর রশিদ ও আজিজুর রহমান অনাস্থাপত্রে স্বাক্ষর করেন।