কেশবপুরের চিংড়া বাজারে সুদ ও মাদক কারবারীদের বিরুদ্ধে মানববন্ধন

0

স্টাফ রিপোর্টার, কেশবপুর (যশোর) ॥ কেশবপুরে চিংড়া বাজারে সুদে কারবারী ও মাদক ব্যবসায়ীদের সন্ত্রাসী কর্মকান্ড বন্ধের দাবি এবং মিথ্যা মামলা প্রত্যাহারের দাবিতে বাজারে মানববন্ধন কর্মসূচি পালিত হয়েছে। রবিবার সকালে চিংড়া বাজার কমিটির উদ্যোগে অনুষ্ঠিত মানববন্ধন কর্মসূচিতে শ শ ব্যবসায়ী অংশ নেন। চিংড়া বাজার কমিটির সভাপতি ও উপজেলা ছাত্রলীগের সাবেক আহ্বায়ক আজাহারুল ইসলাম মানিকের সভাপতিত্বে মানববন্ধন কর্মসূচিতে বক্তব্য রাখেন, বাজার কমিটির সাধারণ সম্পাদক বিধান দে, সহ সম্পাদক আব্দুল কাদের, ব্যবসায়ী দীনবন্ধু দত্ত পুতুল, শফিকুল ইসলাম, প্রদীপ দত্ত প্রমুখ।
মানববন্ধনে বক্তারা বলেন, গত ইউপি নির্বাচনে সাগরদাঁড়ি ইউনিয়নে চেয়ারম্যান পদে স্বতন্ত্র
চেয়ারম্যান প্রার্থী সদ্য বহিষ্কৃত আওয়ামী লীগ নেতা মুস্তাফিজুল ইসলাম মুক্ত বিজয়ী হওয়ার
পর থেকে তিনি ষ্পষ্ট ঘোষণা দেন তার ইউনিয়নের চিংড়া বাজারে কোন সুদে কারবার ও মাদক
ব্যবসা পরিচালনা করা যাবে না। ব্যবসায়ীসহ সাধারণ মানুষের ওপর অত্যাচার হলে ব্যবসায়ীদের
সাথে নিয়ে দাঁতভাঙা জবাব দেওয়া হবে। এর পর থেকে তারা ক্ষমতাসীন দলের প্রভাব বিস্তার করে
সুদখোর সিন্ডিকেট ও মাদক ব্যবসায়ীদের অত্যাচারে ব্যবসায়ীরা অতিষ্ঠ হয়ে উঠেছে। তারা
চেয়ারম্যান মুস্তাফিজুল ইসলাম মুক্ত ও তার পরিবারকে নিয়ে বিভিন্ন সময়ে উস্কানিমূলক কথা
বলে আসছে। এরই সূত্র ধরে গত ২১ এপ্রিল রাতে ছাত্রলীগের অফিসসহ ২টি ব্যবসা প্রতিষ্ঠান
ভাঙচুরের ঘটনা ঘটে। এ ঘটনায় চেয়ারম্যানের লোকজনকে আসামি করে থানায় মামলা করা হয়।
মানববন্ধন থেকে এ মিথ্যা মামলা প্রত্যাহার, সুদে কারবারি ও মাদক ব্যবসা বন্ধের দাবি জানানো
হয়।
সাংবাদিকদের ইউপি চেয়ারম্যান কাজী মোস্তাফিজুল ইসলাম বলেন, চিংড়া বাজারে সুদে কারবারী ও মাদকসেবীদের দৌরাত্ম্য বৃদ্ধি পেয়েছে। অনেকে সুদের দাবি মেটাতে ব্যর্থ হওয়ায় এলাকাছাড়া হয়েছে। নির্বাচনকালীন ইস্তেহারে বলেছিলাম আমি পুনরায় নির্বাচিত হলে চিংড়া বাজারে কোন সুদে কারবার ও মাদক সেবনসহ ব্যবসা করতে দেয়া হবে না। সে থেকে তারা বিরোধ বাধাতে চেষ্টা করছে। এমনকী এই সিন্ডিকেট আমার ও আমার পরিবারের জানমালের ক্ষতি করার নীলনকশা চালিয়ে আসছে। এ বিষয়ে তিনি আইনি সহায়তা কামনা করেছেন।