কেরানীগঞ্জে বিস্ফোরণে উড়ে গেল মাদ্রাসার কক্ষ, বোমা তৈরির সরঞ্জাম উদ্ধার

0
দক্ষিণ কেরানীগঞ্জের হাসনাবাদে উম্মাল কুরা ইন্টারন্যাশনাল মাদ্রাসায় বিস্ফোরণের পর ধসে পড়া দেয়াল ও বিধ্বস্ত ভবনের চিত্র ।। ছবি: সংগৃহীত

লোকসমাজ ডেস্ক ॥ রাজধানীর দক্ষিণ কেরানীগঞ্জের হাসনাবাদ এলাকায় ‘উম্মাল কুরা ইন্টারন্যাশনাল মাদ্রাসা’ নামক একটি প্রতিষ্ঠানে ভয়াবহ বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এতে মাদ্রাসার পরিচালক, তাঁর স্ত্রী ও দুই শিশু সন্তান গুরুতর আহত হয়েছেন। গতকাল শুক্রবার সকাল সাড়ে ১০টার দিকে একতলা বিশিষ্ট ওই মাদ্রাসার ভবনে এই বিস্ফোরণ ঘটে। বিস্ফোরণের তীব্রতায় ভবনের দুটি কক্ষের দেয়াল সম্পূর্ণ উড়ে গেছে এবং ছাদ ও বিমে ফাটল দেখা দিয়েছে।

ঘটনাস্থল পরিদর্শন করে পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, মাদ্রাসার ভেতর থেকে বিপুল পরিমাণ ককটেল, রাসায়নিক দ্রব্য ও বোমা তৈরির বিভিন্ন সরঞ্জাম উদ্ধার করা হয়েছে। দক্ষিণ কেরানীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইফুল আলম ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, বোমা নিষ্ক্রিয়কারী দল ও ক্রাইম সিন ইউনিট ঘটনাস্থলে কাজ করছে। মাদ্রাসাটির একটি অংশে পরিচালক শেখ আল-আমিন সপরিবারে বসবাস করতেন এবং অপর অংশে মাদ্রাসার কার্যক্রম চলত।

বিস্ফোরণে আহতরা হলেন—পরিচালক শেখ আল-আমিন (৩২), তাঁর স্ত্রী আছিয়া বেগম (২৮) এবং তাঁদের দুই ছেলে উমায়েত (১০) ও আবদুল্লাহ (৭)। তাঁদের উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

শুক্রবার ছুটির দিন হওয়ায় মাদ্রাসার ৩০-৩৫ জন শিক্ষার্থী উপস্থিত ছিল না, যার ফলে এক বড় ধরনের প্রাণহানি এড়ানো সম্ভব হয়েছে। ভবন মালিক পারভীন বেগম জানিয়েছেন, মাদ্রাসার আড়ালে এমন বিপজ্জনক কার্যক্রম চলছিল তা তাঁদের ধারণার বাইরে ছিল।