‘কৃষি মন্ত্রী’র বক্তব্যে সরকারে অস্থিরতা, নানামুখী সমালোচনা’

0

লোকসমাজ ডেস্ক ॥ দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের পূর্বে বিএনপি’র নেতাকর্মীদের গ্রেপ্তার ও মুক্তির বিষয়ে কৃষিমন্ত্রীর বক্তব্যকে ঘিরে নানা বিতর্ক ও সমালোচনা সৃষ্টি হয়েছে।
খবরে প্রকাশ করা হয়েছে, রোববার একটি বেসরকারি টেলিভিশনে প্রচারিত সাক্ষাৎকারে ড. আব্দুর রাজ্জাক বলেছিলেন, “এক রাতে সব নেতার মুক্তির প্রস্তাবেও রাজি হয়নি বিএনপি। দলটির ২০ হাজার নেতাকর্মীকে গ্রেপ্তার ছাড়া গত্যন্তর ছিল না। যেটা করেছি আমরা চিন্তাভাবনা করেই করেছি।”
তার এই বক্তব্য প্রচারের পর সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্যাপক প্রতিক্রিয়া দেখা দেয়। বিরোধী রাজনৈতিক দলের তরফেও নানা প্রতিক্রিয়া এসেছে। কৃষিমন্ত্রীর এই বক্তব্যে দল এবং সরকারেও অস্বস্তিকর অবস্থা তৈরি হয়েছে। জাতীয় নির্বাচনের আগে বিরোধী দলগুলোর ওপর ধরপাকড়, গ্রেপ্তার, মামলা ও সাজা দেয়ার বিষয়ে দেশ- বিদেশে আগে থেকেই সমালোচনা হচ্ছিল। কিন্তু সরকার এসবকে শুধুই আইনের বিষয় বলে এড়িয়ে যাবার চেষ্টা করেছে।
কিন্তু ড. আব্দুর রাজ্জাকের এই বক্তব্যে বিরোধীদের দাবিকেই প্রতিষ্ঠিত করেছে বলে মনে করা হচ্ছে। এতে নির্বাচনের ঠিক আগ মুহূর্তে সরকারি মহলেও অস্থিরতা দেখা দিয়েছে। ( সূত্র: বিবিসি বাংলা)