কৃষি পণ্যর ন্যায্যমূল্যে নিশ্চিতসহ নানা দাবিতে যশোরে ক্ষেতমজুর সংগ্রাম পরিষদের স্মারকলিপি

0

 

স্টাফ রিপোর্টার ॥ বিএডিসিকে পুর্ণাঙ্গ রূপে সচল করে ন্যায্যমূল্যে চাহিদা অনুযায়ী সময়মতো নির্ভেজাল সার, বীজ, কীটনাশক ও সেচের পানি প্রদানসহ নানা দাবিতে কৃষি উপদেষ্টা বরাবর স্মারকলিপি দিয়েছে কৃষক-ক্ষেতমজুর সংগ্রাম পরিষদ। বুধবার দুপুরে সংগঠনটির নেতাকর্মীরা যশোর কালেক্টরেট ভবনে গিয়ে জেলা প্রশাসকের মাধ্যমে এ স্মারকলিপি প্রদান করেন।
স্মারকলিপিতে উল্লেখ করা হয়, কৃষক তার ফসলের লাভজনক মূল্য পাচ্ছে না। কৃষি ঋণ, সার্টিফিকেট মামলা, এনজিও ঋণের কিস্তি, মহাজনী ঋণের সুদের কারবার কৃষক-ক্ষেতমজুরদের জীবনকে আরও দুর্বিষহ করে তুলেছে। সব মিলিয়ে শোষণ, জুলুম, অত্যাচারের শৃঙ্খলে বাঁধা পড়ে আছে কৃষক ও ক্ষেতমজুরসহ গ্রামীণ শ্রমজীবী মানুষের জীবন।
এ অবস্থায় দেশের শ্রমজীবী মানুষের ন্যায্য দাবি নিশ্চিতে সুনির্দিষ্ট কিছু প্রস্তাব তুলে ধরা হয় স্মারকলিপিতে। এসব দাবির মধ্যে রয়েছে, বিএডিসিকে পুর্ণাঙ্গ রূপে সচল করে ন্যায্যমূল্যে চাহিদা অনুযায়ী সময়মতো নির্ভেজাল সার, বীজ, কীটনাশক ও সেচের পানি প্রদান ও অতিরিক্ত দাম নেয়া বন্ধ করা, ধান, আলু, সব্জিসহ ফসলের লাভজনক দাম নিশ্চিত করা, বাজার সিন্ডিকেট ভেঙে উৎপাদক ও ভোক্তা সমবায় বাজার চালু করা, সরকারি উদ্যোগে আলুসহ সব্জি সংরক্ষণের জন্য পর্যাপ্ত কোল্ড স্টোরেজ নির্মাণ করা এবং বছরে ন্যূনতম ১২০ দিনের কর্মসৃজন প্রকল্পসহ পর্যাপ্ত টিআর-কাবিখা চালু কর।
এছাড়াও কৃষক, ক্ষেতমজুরসহ গ্রাম-শহরের শ্রমজীবী মানুষের জন্য স্বল্পমূল্যে রেশন ও নায্যমূল্যের দোকান চালু করা। বয়স্ক-বিধবা-প্রতিবন্ধীদের মাসিক ন্যূনতম ১০ হাজার টাকা ভাতা; ভূমিহীন ও বর্গা কৃষকসহ প্রকৃত উৎপাদক কৃষকদের কৃষি কার্ড প্রদানের দাবি করা হয়।
স্মারকলিপি গ্রহন করেন জেলা প্রশাসক আজাহারুল ইসলাম । এ সময় উপস্থিত ছিলেন জাতীয় কৃষক ক্ষেত মজুর সমিতির সভাপতি মিজানুর রহমান, জাতীয় কৃষক ক্ষেত মজুর সমিতির সাধারণ সম্পাদক জিল্লুর রহমান ভিট,ু যশোর, সহ- সাধারণ সম্পাদক তসলিম উর রহমান, সহ-সভাপতি অ্যাড. আমিনুর রহমান হিরু, গোলাম মোস্তফা মন্টু, শাহাজান আলী, দীলীপ ঘোষ, আক্কাস আলী প্রমুখ।