কুবি শিক্ষকের ছেলে অপ্রতীমের মরদেহ উদ্ধার, সিসিটিভি ফুটেজ দেখে ১ কিশোরকে আটক করে জিজ্ঞাসাবাদ

0
বিশ্ববিদ্যালয়ের সামনের সিসিটিভি ফুটেজে অপ্রতীমের সঙ্গে দেখা যাওয়া সন্দেহভাজন কিশোর, যাকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করেছে পুলিশ।। ছবি: সংগৃহীত

কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের (কুবি) বাংলা বিভাগের সহযোগী অধ্যাপক নাহিদা বেগমের একমাত্র ছেলে ইশায়াত শাহরিয়ার ওরফে অপ্রতীমের (১৩) মরদেহ উদ্ধার করা হয়েছে। শনিবার বেলা একটার দিকে কুমিল্লা সদর দক্ষিণ উপজেলার বিজয়পুর ইউনিয়নের সানন্দা গ্রামের লালমাই পাহাড়ের একটি নির্জন জঙ্গল থেকে তাঁর মরদেহ উদ্ধার করে পুলিশ।

নিহত অপ্রতীম কুমিল্লার বর্ডার গার্ড পাবলিক স্কুলের সপ্তম শ্রেণির শিক্ষার্থী ছিল। এ ঘটনায় সিসিটিভি ফুটেজ পর্যালোচনা করে সন্দেহভাজন হিসেবে এক কিশোরকে আটক করে জিজ্ঞাসাবাদ করছে পুলিশ।

কিশোর ইশায়াত শাহরিয়ার ওরফে অপ্রতীমের লাশ আজ উদ্ধার করা হয়েছে।। ছবি: সংগৃহীত

পুলিশ ও পরিবার সূত্রে জানা যায়, গত শুক্রবার দুপুরে বর্ডার গার্ড পাবলিক স্কুলের সপ্তম শ্রেণির শিক্ষার্থী অপ্রতীম বন্ধুদের সঙ্গে ছবি তোলার কথা বলে মায়ের আইফোনটি নিয়ে কোটবাড়ী এলাকার ভাড়া বাসা থেকে বের হয়। এরপর আর সে ঘরে ফেরেনি। নিখোঁজের পর থেকেই তার সন্ধানে নামেন পরিবার, কুমিল্লা বিশ্ববিদ্যালয় প্রশাসন ও আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা। শনিবার সকালে বিশ্ববিদ্যালয় প্রক্টরিয়াল টিম সিসিটিভি ফুটেজ পর্যালোচনার সময় প্রধান ফটকের কাছে মাথায় ক্যাপ পরা এক কিশোরকে অপ্রতীমের সঙ্গে ঘোরাঘুরি করতে দেখতে পায়।

কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য এম এম শরীফুল করীম জানান, নিখোঁজের বিষয়টি জানার পর থেকেই প্রক্টরিয়াল টিম ও শিক্ষকেরা পরিবারের পাশে দাঁড়ান এবং সিসিটিভি ফুটেজে স্থানীয় ওই কিশোরের গতিবিধি সন্দেহজনক মনে হওয়ায় তাৎক্ষণিক আইনশৃঙ্খলা বাহিনীকে বিষয়টি অবহিত করা হয়। পরবর্তীতে শনিবার দুপুরে কোটবাড়ী এলাকা থেকে ওই কিশোরকে আটক করে পুলিশ। কুমিল্লা জেলা পুলিশের মিডিয়া কর্মকর্তা ও অতিরিক্ত পুলিশ সুপার মো. লুৎফর রহমান জানান, তদন্তের স্বার্থে সন্দেহভাজন হিসেবে ওই কিশোরকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে এবং প্রাপ্ত তথ্য যাচাই-বাছাই করে পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

বাবা–মায়ের সঙ্গে ইশায়াত শাহরিয়ার ওরফে অপ্রতীম ।। ছবি: সংগৃহীত

নিহত অপ্রতীমের মাথায় আঘাতের চিহ্ন রয়েছে বলে পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে। তবে তাঁর সঙ্গে থাকা আইফোনটি এখনো উদ্ধার করা সম্ভব হয়নি। মোবাইল ফোন ছিনতাইয়ের উদ্দেশ্যে নাকি অন্য কোনো কারণে তাকে হত্যা করা হয়েছে, সে বিষয়ে তদন্ত শেষ না হওয়া পর্যন্ত নিশ্চিত কিছু বলা যাচ্ছে না বলে জানিয়েছে পুলিশ। মরদেহ ময়নাতদন্তের জন্য কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

বিশ্ববিদ্যালয় শিক্ষকের একমাত্র সন্তানের মর্মান্তিক এই মৃত্যুতে কুবি পরিবার ও স্থানীয় এলাকায় গভীর শোকের ছায়া নেমে এসেছে। ঘটনার সুষ্ঠু তদন্তের মাধ্যমে জড়িত ব্যক্তিদের অবিলম্বে আইনের আওতায় আনার দাবি জানিয়েছেন শিক্ষক-শিক্ষার্থীরা।