কালীগঞ্জে স্বতন্ত্র প্রার্থীর সভায় যাওয়ার পথে হামলায় আহত ৩

0

কালীগঞ্জ (ঝিনাইদহ)সংবাদদাতা ॥ ঝিনাইদহের কালীগঞ্জে স্বতন্ত্র প্রার্থীর নির্বাচনী সভায় আসার পথে হামলায় ৩ জন আহত হয়েছেন। আহতদের কালীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। বৃহস্পতিবার দুপুর আড়াইটার টার দিকে উপজেলার রামচন্দ্রপুর ও উল্লা গ্রামে এ ঘটনা ঘটে।

আহতরা হলেন- উপজেলার উল্লা গ্রামের আনোয়ার হোসেন কালু বিশ্বাস, সদর উপজেলার সমসপুর গ্রামের শহিদুল ইসলাম ও ধনঞ্জয়পুর গ্রামের মো. আবু মিয়া।

আহত আনোয়ার হোসেন কালু বিশ্বাস বলেন, আমি বাইসাইকেলে স্বতন্ত্র প্রার্থী ফিরোজের নির্বাচনী সমাবেশে কালীগঞ্জে যাচ্ছিলাম। পথে কিছু লোকজন লাঠিসোটা ও দেশীয় অস্ত্র নিয়ে আমার ওপর হামলা করে।

অপরদিকে রামচন্দ্রপুর এলাকায় স্বতন্ত্র প্রার্থী ফিরোজের কর্মী শহীদুল ও আবু মিয়ার ওপর হামলা চালানো হয়। আহতদের দাবি, প্রতিপক্ষের লোকেরা এ হামলায় জড়িত।

তবে অভিযোগের বিষয়ে ঝিনাইদহ-৪ আসনের বিএনপির প্রার্থী রাশেদ খান বলেন, আমি এলাকায় নতুন। কে যে কার কর্মী সেটা এখনো বুঝে উঠতে পারিনি। আমার কোনো কর্মীই এ ধরণের ঘটনা ঘটনার সাথে জড়িত নন।

এ বিষয়ে কালীগঞ্জ থানার ওসি জেল্লাল হোসেন বলেন, খবর পেয়ে পুলিশ, সেনাবাহিনীর একাধিক দল ঘটনাস্থলে পৌঁছেছে। দুষ্কৃতকারীদের আটকে অভিযান চলছে।