কালীগঞ্জে ইউপি নির্বাচন :স্বতন্ত্র প্রার্থী নজরুল হিজড়ার ভয়ভীতি প্রদর্শনের অভিযোগ নৌকা প্রার্থীর বিরুদ্ধে

0

শিপলু জামান, কালীগঞ্জ (ঝিনাইদহ) ॥ আগামী ২৮ নভেম্বর ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনের তৃতীয় ধাপের ভেটগ্রহণ অনুষ্ঠিত হবে। এই নির্বাচনের অন্তর্ভুক্ত ঝিনাইদহের কালীগঞ্জ উপজেলার ১১টি ইউনিযন। ইউনিয়নগুলোর মধ্যে ৬ নম্বর ত্রিলোচনপুর ইউনিযন অন্যতম একটি। ইউনিয়নটিতে মোট ভোটার রয়েছেন ১৯ হাজার ৬০০ জন । এর মধ্যে পুরুষ ভোটার ১০ হাজার ৯ জন এবং মহিলা ভোটার ৯ হাজার ৫৯১ জন।
এবারের নির্বাচনে এই ইউনিয়ন পরিষদে চেয়ারম্যান পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন ৩ জন প্রার্থী। নৌকা প্রতীক নিয়ে লড়ছেন আওয়ামী লীগ মনোনীত মঞ্জুরুল ইসলাম। ইসলামী আন্দোলন বাংলাদেশ মনোনীত হাতপাখা প্রতীক নিয়ে লড়ছেন মাহাবুবুর রহমান। স্বতন্ত্র হিসেবে আনারস প্রতীকে লড়ছেন ঝিনাইদহ জেলার প্রথম ট্রানজেন্ডার (হিজড়া) ইউপি চেয়াররম্যান প্রার্থী নজরুল হিজড়া। ২০১৩ সালে হিজড়া জনগোষ্ঠী তৃতীয় লিঙ্গ হিসেবে স্বীকৃতি পায়। ২০১৪ সালের ২৬ জানুয়ারি হিজড়াদের রাষ্ট্রীয় স্বীকৃতি দিয়ে গেজেট প্রকাশ করে সরকার। গেজেটে বলা হয়, ‘সরকার বাংলাদেশের হিজড়া জনগোষ্ঠীকে হিজড়া লিঙ্গ (হিজড়া) হিসাবে চিহ্নিত করে স্বীকৃত প্রদান করল।’হিজড়া পরিচয়ে নাগরিক অধিকার নিশ্চিত করতে এই স্বীকৃতির দাবি ছিল হিজড়া সম্প্রদায়ের। চলতি বছরের মে মাসে বাংলাদেশ সরকার তৃতীয় লিঙ্গের ভোটাধিকার দিয়েছে।
ত্রিলোচনপুর ইউপি নির্বাচনে চেয়াররম্যান পদপ্রার্থী নজরুল হিজড়া জানান,‘প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে আমি ধন্যবাদ জানাতে চাই। কারণ তাঁর সরকারের সময় তৃতীয় লিঙ্গের মানুষদের ভোটাধিকার দেওয়ার ঘটনাটি ঘটেছে। আর এ কারণেই আমি ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান পদে নির্বাচন করতে পারছি। ভোটাররা যদি তাদের ভোটাধিকার প্রয়োগ করতে পারেন তাহলে আনারস প্রতীকের বিজয় সুনিশ্চিত। তবে নৌকা প্রতীকের চেয়ারম্যান পদপ্রার্থী আমার ভোটার ও সমর্থকদেরকে অব্যাহতভাবে ভয়ভীতি প্রদর্শন করে চলেছে। ইতঃপূর্বে ওই প্রার্থীর ছেলের নেতৃত্বে একদল সন্ত্রাসী বাহিনী আমার কর্মীদের ওপর হামলা চালায়। আমি নির্বাচিত হয়ে পরিষদে যেতে পারলে ইউনিয়নের গরিব মেহনতী মানুষের ন্যায্য অধিকার ফিরিয়ে দিব ইনশ আল্লাহ। ঝিনাইদহের জেলা নির্বাচন কর্মকর্তা মো. আব্দুল খালেক বলেন,‘আইনে এখন তৃতীয় লিঙ্গের ভোটার হওয়ার সুযোগ আছে। ভোটার হলে নির্বাচনও করা যাবে। তবে ত্রিলোচনপুর ইউপি চেয়ারম্যান পদে নজরুল হিজড়া হিসেবে নিজের পরিচয় দিয়েছেন। আর দেশের তৃতীয় লিংগের থেকে সম্ভাবত তিনিই প্রথম ইউপি চেয়ারম্যান পদে নির্বাচন করছেন। খবরটি বেশ সুখকর। অন্যান্য প্রার্থীর মত তিনিও এই নির্বাচনে সমান সুযোগ সুবিধা পাবেন।কোনো ধরনের ভয়ভীতি ও মারামারির ঘটনা ঘটলে তার লিখিত অভিযোগের ভিত্তিতে আমরা আইনানুগ ব্যবস্থা গ্রহণ করবো।’