কালিয়ায় পিতা-পুত্রকে হত্যার চেষ্টা

0

নড়াইল সংবাদদাতা॥ নড়াইলের কালিয়ায় ধারালো অস্ত্র দিয়ে পিতা-পুত্রকে কুপিয়ে গুরুতর
আহত করেছে প্রতিপক্ষ। গতকাল বৃহস্পতিবার সকাল সাড়ে ১১ টার দিকে উপজেলার জয়পুর মোড় এলাকায় এ ঘটনা ঘটে। স্থানীয়রা আহতদের উদ্ধার করে কালিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাদের প্রাথমিক চিকিৎসা দিয়ে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করেন।আহতদের ভেতর শামীম শেখ একটি হত্যা মামলার আসামি।
আহতরা হলেন-কালিয়া উপজেলার কলাবাড়ীয়া গ্রামের চরকান্দিপাড়া গ্রামের আবিদ শেখ (৬০) ও তার ছেলে শামীম শেখ (৩৫)।
স্থানীয়রা জানান, বৃহস্পতিবার শামীম শেখ ইজিবাইকে করে তার অসুস্থ পিতাকে কালিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ডাক্তার দেখানোর জন্যে নিয়ে যাওয়ার সময় জয়পুর মোড়ে পৌঁছুলে পূর্বশত্রুতার জের ধরে একই এলাকার মোশারেফ শেখের ছেলে কলাবাড়ীয়া ইউনিয়নের মেম্বার সোহেল শেখের নেতৃত্বে তিনটি মোটরসাইকেলে ৮-৯ ব্যক্তি এসে শামীম শেখ ও তার পিতার ওপর অতর্কিত হামলা করে। তারা তাদেরকে কুপিয়ে গুরুতর জখম করে দ্রুত পালিয়ে যায়। পরে স্থানীয়রা তাদের উদ্ধার
করে কালিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক আহত আবেদ ও শামীম শেখকে উন্নত চিকিৎসার জন্যে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করেন।শামীমের অবস্থা আশঙ্কাজনক বলে জানা গেছে।
কালিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা রাশেদুল ইসলাম বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। এলাকার পরিস্থিতি শান্ত রয়েছে। মোশারেফ শেখের ছেলে আনিস শেখকে প্রায় এক বছর আগে হত্যা করে প্রতিপক্ষরা। ওই হত্যা মামলার এজাহারভুক্ত আসামি শামীম শেখ।