কার্যকর লকডাউন দিতে না পারলে ক্ষমতা ছাড়ুন

0

লোকসমাজ ডেস্ক॥ নাগরিক ঐক্যের আহ্বায়ক মাহমুদুর রহমান মান্না সরকারকে উদ্দেশ করে বলেছেন, আপনারা জনগণের স্বাস্থ্যসেবা নিশ্চিত করেন। কার্যকর লকডাউন দেন এবং অসহায় মানুষদের খাদ্যের নিশ্চয়তা প্রদান করেন। আর যদি না পারেন তাহলে ক্ষমতা ছেড়ে দেন। আজকে আমরা আমাদের দাবি উত্থাপন করলাম। যদি বোধোদয় না হয়, আজকে এখানে ২০০ জন দাঁড়িয়েছি, কাল ২০০০ জন দাঁড়াব। সেদিন দেশের মানুষের অধিকার আদায় না করে ফিরব না। গতকাল বিকালে রাজধানীর জাতীয় প্রেস ক্লাবের সামনে এক মানববন্ধনে তিনি এসব কথা বলেন। ‘করোনা মোকাবিলায় সরকারের ব্যর্থতার প্রতিবাদে এবং স্বাস্থ্যসেবা ও খাদ্য নিরাপত্তার দাবিতে’ মানববন্ধন করে নাগরিক ঐক্য। মান্না বলেন, আমরা বলেছি এই মহামারীর মধ্যে আমরা কোনো রাজনীতি করতে চাই না। আমরা সরকার পতনের আন্দোলন করছি না, আমরা আপনাদের ক্ষমতায় থাকাকে প্রশ্নবিদ্ধ করছি না। আমরা শুধু বলতে চাই দেশকে বাঁচাতে হবে, দেশের মানুষকে বাঁচাতে হবে। আর যদি সেটা না পারেন তাহলে এই সং সেজে সরকারে বসে থাকার কোনো অধিকার নেই। করোনা মোকাবিলায় সরকারের ব্যর্থতা উল্লেখ করে তিনি বলেন, দেশের চিকিৎসা ব্যবস্থা যে কতটা ভঙ্গুর তা এই মহামারীতে স্পষ্ট হয়েছে। কত মানুষ যে চিকিৎসা না পেয়ে, হাসপাতালে ভর্তি হতে না পেরে মৃত্যুবরণ করেছে তার কোনো হিসাব নেই। তিন মাস পরেও সরকার করোনা শনাক্তকরণের জন্য পর্যাপ্ত পরীক্ষার ব্যবস্থা করতে পারেনি। অথচ তারা গণস্বাস্থ্য উদ্ভাবিত কিট অনুমোদন না দেওয়ার সব ব্যবস্থা করেছে। কথায় কথায় তারা দেশকে সিঙ্গাপুর, কানাডা, জাপানের সঙ্গে তুলনা করলেও করোনা আমাদের প্রকৃত অবস্থান স্পষ্ট করেছে। মানববন্ধনে আরও বক্তব্য দেন- নাগরিক ঐক্যের কেন্দ্রীয় কমিটির সদস্য শহীদুল্লাহ কায়সার, জিন্নুর চৌধুরী দিপু, আনিসুর রহমান খসরু, কবীর হাসান, ময়মনসিংহ জেলা নাগরিক ঐক্যের সদস্য সচিব ফরিদুল ইসলাম, ঢাকা মহানগর দক্ষিণের সদস্য সচিব আতিকুল ইসলাম প্রমুখ।