কাভার্ডভ্যানের সিটের নিচে মিলল পিস্তল, চালক ও হেলপার আটক

0

স্টাফ রিপোর্টার ॥ যশোরে কাভার্ডভ্যানে লুকিয়ে রাখা একটি বিদেশি পিস্তল, দুটি ম্যাগাজিন ও দুই রাউন্ড গুলিসহ দুজনকে আটক করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)। সোমবার রাতে যশোর চাঁচড়া-পালবাড়ি সড়কে তল্লাশি চালিয়ে এই অস্ত্র ও গুলি উদ্ধার করা হয়। আটক ব্যক্তিরা হলেন চালক ফরহাদ হোসেন এবং হেলপার সাকিব হোসেন।

গত সোমবার রাতে চাঁচড়া টু পালবাড়ি সড়কের বিএডিসি ভবনের সামনে কাভার্ডভ্যানে তল্লাশি চালিয়ে এই অস্ত্র-গুলি উদ্ধার করা হয়। এ সময় কাভার্ডভ্যানের চালক বেনাপোল পোর্ট থানাধীন ভবেরবেড় গ্রামের আব্দুল আওয়ালের ছেলে চালক ফরহাদ হোসেন (৩২) ও হেলপার আফজাল হোসেন বিশ্বাসের ছেলে হেলপার সাকিব হোসেন (১৯)।


ডিবি পুলিশের ওসি মো. মঞ্জুরুল হক ভুঞা জানান, রাত পৌনে ১০টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে তার নেতৃত্বে এসআই শেখ আবু হাসানসহ একটি টিম বেনাপোল থেকে ছেড়ে আসা একটি কাভার্ডভ্যান চাঁচড়া টু পালবাড়ি সড়কের বিএডিসি ভবনের সামনে থামিয়ে তল্লাশি চালায়। এ সময় চালক ও হেলপারকে তারা আটক করেন। আটকের পর চালক ফরহাদ হোসেন স্বীকারোক্তিতে তার সিটের নিচ থেকে কসটেপ দিয়ে মোড়ানো ১টি বিদেশি পিস্তল, ২টি ম্যাগজিন ও ২ রাউন্ড গুলি উদ্ধার করা হয়।

তিনি বলেন, প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটকরা স্বীকার করেন, তারা দীর্ঘদিন ধরে বেনাপোল এলাকা থেকে অস্ত্র বহন করে দেশের বিভিন্ন স্থানে সন্ত্রাসীদের কাছে পৌঁছে দিয়ে আসছিলেন।

ডিবি পুলিশ জানায়, আটকদের বিরুদ্ধে কোতয়ালি থানায় অস্ত্র আইনে মামলা করেছেন এসআই শেখ আবু হাসান। মামলা দায়েরের পর মঙ্গলবার আটকদের আদালতে সোপর্দ করা হলে এর মধ্যে চালক ফরহাদ হোসেন ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন। সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট মো. রহমত আলী তার জবানবন্দি গ্রহণ করেন। পরে বিচারক আটক দ্ইু জনকে কারাগারে পাঠানোর আদেশ দিয়েছেন।