কাজী ইনামের অপসারণের দাবিতে যশোরে মানববন্ধন

0

স্টাফ রিপোর্টার ॥ পতিত আওয়ামী লীগ সরকারের যশোর-৩ আসনের সাবেক সংসদ সদস্য পলাতক কাজী নাবিল আহমেদের ছোট ভাই বাংলাদেশ ক্রিকেট বোর্ডের তৎকালীন পরিচালক কাজী ইনাম আহমেদকে যশোর জেলা ক্রীড়া সংস্থার অ্যাডহক কমিটির সদস্য করার প্রতিবাদে এবং অপসারণের দাবিতে উত্তাল ছিল যশোরের রাজপথ। রোববারও জেলার সর্বস্তরের খেলোয়াড় এবং সংগঠকবৃন্দ যশোর প্রেসক্লাবে মানববন্ধন কর্মসূচি পালন করেন।

এসময় বক্তারা বলেন, ‘আজ আমরা এক হয়েছি যশোর ক্রীড়া সংস্থাকে বাঁচানোর জন্য। পলাতক সাবেক সংসদ সদস্য কাজী নাবিলের ভাই কাজী ইনাম আহমেদ বারবার বিশেষ পন্থায় বিসিবির পরিচালক হয়েছেন। আর এই পরিচালক হতে হলে তাকে অবশ্যই যশোর ক্রীড়া সংস্থার কমিটির সদস্য হতে হয়।

আমরা দেখেছি, যখনই বিসিবির ভোট আসে; তখনই ইনাম মরিয়া হয়ে উঠেন। বিশেষ উপায়ে তিনি যশোরের ক্রীড়া সংস্থাকে হাতিয়ার হিসেবে ব্যবহার করেন। ইতোমধ্যেই তার অক্ষমতা প্রকাশ পেয়েছে। নির্বাচিত হওয়ার পর যশোরের ক্রীড়া সংগঠকদের সংবর্ধনা অনুষ্ঠান ছাড়া তাকে পাওয়া যায় না। স্থানীয় খেলাধুলার ব্যাপারে কোনো খোঁজখবর রাখেননি। যশোরের ক্রীড়াঙ্গনে তার কোনো অবদান নেই।

এমনিতেই যশোরের ক্রীড়াঙ্গনের অবস্থা অত্যন্ত নাজুক। আমরা এমন ফ্যাসিস্টকে আর যশোরের ক্রীড়াঙ্গনে দেখতে চাই না। তাকে দ্রুত অপসারণ না করলে বৃহত্তর আন্দোলন করা হবে।’

মানববন্ধন চলাকালে বক্তব্য রাখেন জেলা দলের সাবেক ক্রিকেট অধিনায়ক মাহাতাব নাসির পলাশ, মনির আহমেদ সিদ্দিকী বাচ্চু, মুস্তাক নাসির টনি, খান মোহাম্মদ শফিক রতন, বাংলাদেশ সুইমিং ফেডারেশনের অ্যাডহক কমিটির সদস্য আব্দুল মান্নান, যশোর জেলা ক্রীড়া সংস্থার সাবেক যুগ্ম সম্পাদক এবিএম আক্তারুজ্জামান, কোষাধ্যক্ষ সোহেল মাসুদ হাসান টিটো, নির্বাহী সদস্য সোহেল আল মামুন নিশাদ, রায়হান সিদ্দিকী প্রবাল, সাবেক ক্রিকেটার মুস্তাক নাসির টনি, আইয়াজ উদ্দিন রিপন, শামসুল কাদের প্রমুখ।