কলকাতায় হোটেলে অগ্নিকাণ্ড: নিহত ৯ জনের মধ্যে ৫ বাংলাদেশির পরিচয় মিললো, চারজন একই পরিবারের

0
ভারতের কলকাতায় নিউমার্কেটের কাছে মির্জা গালিব স্ট্রিটের আবাসিক হোটেলে ভয়াবহ অগ্নিকাণ্ডে হতাহতের ঘটনা ঘটেছে ।। ছবি: সংগৃহীত

ভারতের কলকাতার মির্জা গালিব স্ট্রিটের একটি আবাসিক হোটেলে ভয়াবহ অগ্নিকাণ্ডে নিহত ৯ জনের মধ্যে এখন পর্যন্ত পাঁচজন বাংলাদেশির পরিচয় নিশ্চিত হওয়া গেছে।

বুধবার (১৯ আগস্ট ২০২৬) পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক বিজ্ঞপ্তিতে জানানো হয়, নিহত পাঁচ বাংলাদেশির মধ্যে চারজনই একই পরিবারের সদস্য।

পররাষ্ট্র মন্ত্রণালয় জানায়, ঘটনার পর পরই কলকাতায় বাংলাদেশ উপ-হাইকমিশনের কর্মকর্তারা দ্রুত দুর্ঘটনাস্থলে পৌঁছান এবং নিহত ও আহতদের তথ্য সংগ্রহ করেন। স্থানীয় কর্তৃপক্ষের বরাত দিয়ে পররাষ্ট্র মন্ত্রণালয় নিশ্চিত করেছে যে, এই অগ্নিকাণ্ডে এখন পর্যন্ত মোট ৯ জনের মৃত্যু হয়েছে। নিহতদের মধ্যে ছয়জন পুরুষ, দুজন নারী এবং একজন শিশু রয়েছে।

২৫ জন বাংলাদেশি অবস্থান করা ওই হোটেল ভবনে ভয়াবহ আগুনের পর আহত ছয়জন বাংলাদেশিকে প্রাথমিক চিকিৎসা শেষে হাসপাতাল থেকে ছেড়ে দেওয়া হয়েছে।

ইতিমধ্যেই পররাষ্ট্র মন্ত্রণালয় ও বাংলাদেশ উপ-হাইকমিশন নিহত বাংলাদেশিদের স্বজনদের সঙ্গে যোগাযোগ স্থাপন করেছে। নিহতদের মধ্যে নাম আসা ব্যক্তিরা হলেন— স্বর্ণশিষ দত্ত, আফসানা শিম্মিন, দেবাশিস দত্ত, আকরাম আলী, আহমেদ বাবু এবং ভারতের ঝাড়খণ্ডের ১৮ বা ১৯ বছর বয়সী যুবক সন্দীপ পাসওয়ান। ভারতীয় নাগরিক সন্দীপ ব্যতীত বাকি পাঁচজনই বাংলাদেশের বাসিন্দা। অন্য মৃত ব্যক্তিদের পরিচয় এখনো স্থানীয় কর্তৃপক্ষ আনুষ্ঠানিকভাবে নিশ্চিত করতে পারেনি।

পরিস্থিতি পর্যবেক্ষণ ও প্রয়োজনীয় সহযোগিতার জন্য কলকাতাস্থ বাংলাদেশ উপ-হাইকমিশন একটি সার্বক্ষণিক হেল্পলাইন চালু করেছে। উপ-হাইকমিশনের কর্মকর্তারা স্থানীয় পুলিশ ও হাসপাতালের সঙ্গে সার্বক্ষণিক যোগাযোগ রাখছেন। একই সঙ্গে উদ্ভূত পরিস্থিতি মোকাবেলায় বাংলাদেশ পররাষ্ট্র মন্ত্রণালয় ও কলকাতা উপ-হাইকমিশন ভারতীয় সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সঙ্গে নিবিড় যোগাযোগ রক্ষা করে চলেছে।

উল্লেখ্য, মঙ্গলবার (১৮ আগস্ট ২০২৬) রাত আনুমানিক ২টার দিকে কলকাতার ব্যস্ত ও ঘনবসতিপূর্ণ নিউ মার্কেট সংলগ্ন মির্জা গালিব স্ট্রিটের ‘হোটেল শিখা ইন’-এ এই মর্মান্তিক অগ্নিকাণ্ডের সূচনা ঘটে।