করোনা পরিস্থিতিতে বিএনপির ত্রাণ কার্যক্রম অব্যাহত

0

লোকসমাজ ডেস্ক॥ করোনাভাইরাস মোকাবিলায় দেশব্যাপী দলীয় নেতাকর্মীদের উদ্যোগে অসহায়, দরিদ্র ও শ্রমজীবী মানুষের কাছে ত্রাণ পৌঁছে দিচ্ছে বিএনপি। রাজধানীসহ দেশের বিভিন্ন জেলা-উপজেলা ও ইউনিয়নে এই কার্যক্রমে অংশ নিয়েছেন স্থানীয় ও কেন্দ্রীয় নেতারা। বিএনপির দফতর বিভাগ ও চেয়ারপারসনের মিডিয়া উইংয়ের সূত্রে জানা গেছে, করোনাভাইরাসের কারণে সৃষ্ট উদ্ভূত পরিস্থিতিতে দেশব্যাপী ত্রাণ বিতরণ কার্যক্রমের অংশ হিসেবে রাজধানীর ডেমরা এলাকায় দুই হাজার দুস্থ পরিবারের হাতে ত্রাণ তুলে দিয়েছে জাতীয়তাবাদী ছাত্রদল। ত্রাণ বিতরণ কার্যক্রম অব্যাহত থাকবে বলে জানিয়েছে ছাত্রদল।
দফতর বিভাগ থেকে জানা গেছে, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশনায় অসহায় গৃহবন্দি মানুষের ঘরে খাবার পৌঁছে দেওয়া কর্মসূচির অংশ হিসাবে বাগেরহাট জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক ও সেভ দ্য সুন্দরবন ফাউন্ডেশনের চেয়ারম্যান লায়ন ড. শেখ ফরিদুল ইসলামের পক্ষে থেকেও ত্রাণ দেওয়া হয়েছে। শেখ ফরিদুল ইসলাম জানান, মঙ্গলবার রামপাল থানার বাইনতলা ইউনিয়নের ৯টি ওয়ার্ডের প্রতিনিধিদের কাছে শতাধিক পরিবারের জন্য খাদ্যদ্রব্য হস্তান্তর করা হয়। তিনি বাগেরহাট -৩ (রামপাল-মোংলা) আসনে দলের প্রতিনিধি হিসেবে ১৬টি ইউনিয়ন ও মোংলা পৌরসভার সব ওয়ার্ডের দুই হাজার পরিবারকে খাদ্য সহায়তা দেবেন বলে জানান। মিডিয়া উইং থেকে বলা হয়েছে, কুমিল্লার চৌদ্দগ্রাম উপজেলা বিএনপির সভাপতি মো. কামরুল হুদার পক্ষে উজিরপুর ইউনিয়নের বিভিন্ন গ্রামের বাড়ি বাড়ি গিয়ে অসহায় পরিবারের মধ্যে ত্রাণ সামগ্রী বিতরণ করা হয়েছে । এছাড়া মহিলা দলের উদ্যোগে নারায়ণগঞ্জের আড়াইহাজারে মঙ্গলবার ৩০০ শতাধিক লোকের মধ্যে খাদ্যসামগ্রী বিতরণ করা হয়েছে। উপজেলা সদরে অবস্থিত আশিক সুপার মার্কেটে আয়োজিত বিতরণ কার্যক্রমে উপস্থিত ছিলেন মহিলা দলের কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক পারভীন আক্তার ও বিভিন্ন স্তরের নেতাকর্মীরা।