করোনা: চীনে নতুন উদ্বেগ

0

লোকসমাজ ডেস্ক॥ চীনে নতুন করে করোনা সংক্রমণ বৃদ্ধি পেয়েছে। এপ্রিলের পর প্রথমবারের মতো একদিনে করোনা ভাইরাস সংক্রমণের সংখ্যা সর্বোচ্চ পর্যায়ে পৌঁছেছে সেখানে। রোববার বলা হয়েছে, চীনে একদিনে নতুন করে আক্রান্ত হয়েছেন ৫৭ জন। ডিসেম্বরে সেখানে করোনা ভাইরাসের প্রাদুর্ভাব দেখা দেয়ার পর কঠোর লকডাউন আরোপ করা হয়। এর মধ্য দিয়ে চীনে করোনা সংক্রমণ নিয়ন্ত্রণে আনা হয়। তবে তা সারাবিশে^ ছড়িয়ে পড়ে। এরই মধ্যে এই সংক্রমণে সারা বিশে^ ৪ লাখ ২৫ হাজারের বেশি মানুষ মারা গেছেন। এমন অবস্থায় বেইজিংয়ের দক্ষিণে মাংস ও সবজির একটি মার্কেট থেকে নতুন করে করোনা ভাইরাস সংক্রমণ দেখা দিয়েছে।
এ খবর দিয়েছে বার্তা সংস্থা এএফপি। দেশটির ন্যাশনাল হেলথ কমিশন বলেছে, নতুন সংক্রমণের ৩৬টি ঘটনার সঙ্গে রাজধানীতে আভ্যন্তরীণ সংক্রমণ ঘটেছে। এমন দুটি সংক্রমণ রোববার রিপোর্ট করা হয়েছে উত্তর-পূর্বাঞ্চলীয় লিয়াওনিং প্রদেশে। এর ফলে ওই মার্কেটের কাছাকাছি ১১টি আবাসিক এস্টেটে আবার নতুন করে লকডাউন দেয়া হয়েছে। লোকজনকে বাড়িতেই থাকতে বলা হয়েছে। এএফপির সাংবাদিকরা বলছেন, ওই মার্কেটে কয়েক শত পুলিশ সদস্যকে মোতায়েন করা হয়েছে। মাস্ক ও গ্লোভস পরে তাদের পাশাপাশি অবস্থান নিয়েছেন আধা সামরিক বাহিনীর সদস্যরাও। খবরে বলা হয়েছে, নতুন সংক্রমণের ফলে চীনে খাদ্য চেইনের নিরাপত্তা নিয়ে উদ্বেগ করে দেখা দিয়েছে। এমন নিরাপত্তাহীনতায় শহরের অন্যান্য মার্কেট বন্ধ করে দেয়া হয়েছে। বেইজিংয়ের মার্কেট তত্ত্বাবধানকারী কর্তৃপক্ষ পুরো শহরে খাদ্য নিরাপত্তা- বিশেষ করে টাটকা ও হিমায়িত মাংস, পোল্ট্রি, সুপারমার্কেটের মাছ, ওয়্যারহাউজ এবং ক্যাটারিং সার্ভিসগুলোতে খাদ্য নিরাপত্তা পরীক্ষার নির্দেশ দিয়েছে। অন্যদিকে আশপাশের ৯টি স্কুল, কিন্ডারগার্টেন বন্ধ করে দেয়া হয়েছে। প্রাইমারি স্কুলে শিক্ষার্থীদের ফেরানোর উদ্যোগ বিলম্বিত করা হয়েছে। ওই প্রদেশে খেলাধুলা বিষয়ক ইভেন্ট বন্ধ রাখা হয়েছে।