ইয়েমেনে ক্ষেপণাস্ত্র ছুড়ে সৌদি আরবের এফ-১৫ যুদ্ধবিমান ভূপাতিত করার দাবি হুতিদের

0
মাঝ–আকাশে সৌদি আরবের একটি এফ–১৫ যুদ্ধবিমান ।। ফাইল ছবি: সংগৃহীত

ইয়েমেনে সৌদি আরবের একটি এফ-১৫ যুদ্ধবিমান ভূমি থেকে আকাশে নিক্ষেপযোগ্য ক্ষেপণাস্ত্র ছুড়ে ভূপাতিত করার দাবি করেছে ইরানপন্থী হুতি বিদ্রোহীরা। বুধবার (১৬ সেপ্টেম্বর) হুতিদের সামরিক মুখপাত্র ইয়াহিয়া সারি এক আনুষ্ঠানিক বিবৃতিতে এই তথ্য জানান।

বিবৃতিতে ইয়াহিয়া সারি উল্লেখ করেন, ইয়েমেনের মারিব এলাকায় স্থানীয়ভাবে তৈরি ভূমি থেকে আকাশে নিক্ষেপযোগ্য ক্ষেপণাস্ত্র ব্যবহার করে সৌদি আরবের যুদ্ধবিমানটি ভূপাতিত করা হয়। ইয়েমেনের সশস্ত্র বাহিনী এই পদক্ষেপ নিয়েছে এবং যুদ্ধবিমানটি মারিবের আকাশসীমায় সৌদি আরবের নেতৃত্বাধীন জোট বাহিনীর সামরিক তৎপরতায় সহায়তা করার সময় সেটিকে লক্ষ্যবস্তু করা হয়।

আন্তর্জাতিক সংবাদমাধ্যম আল-জাজিরা স্থানীয় সূত্রের বরাতে জানিয়েছে, মারিবের উত্তর-পশ্চিমে অবস্থিত মাউন্ট হেলানের কাছে হুতিরা যুদ্ধবিমানটি ভূপাতিত করে। তবে হুতিদের এই দাবির বিষয়ে সৌদি আরবের নেতৃত্বাধীন সামরিক জোটের পক্ষ থেকে তাৎক্ষণিকভাবে কোনো প্রতিক্রিয়া বা মন্তব্য পাওয়া যায়নি।

ইয়েমেনের হুতি যোদ্ধারা ।। ছবি: সংগৃহীত

উল্লেখ্য, ২০১৫ সাল থেকে ইয়েমেনের আন্তর্জাতিকভাবে স্বীকৃত সরকার ও সরকারি বাহিনীকে সহায়তাকারী সৌদি জোটের সাথে হুতিদের সশস্ত্র লড়াই চলছে। তৎকালীন সময়ে হুতিরা রাজধানী সানা দখল করে আন্তর্জাতিকভাবে স্বীকৃত সরকারকে ক্ষমতাচ্যুত করার পর থেকে এই সংঘাত অব্যাহত রয়েছে।

এদিকে, চলমান মধ্যপ্রাচ্যের আঞ্চলিক উত্তেজনা ও ইরান যুদ্ধের প্রেক্ষাপটে সৌদি আরবের সঙ্গে হুতিদের বিরোধ নতুন মাত্রা নিয়েছে। সৌদি কর্তৃপক্ষের দাবি, হুতিরা পবিত্র মক্কা নগরীর দিকে ড্রোন ছুড়েছিল। এই ঘটনাকে কেন্দ্র করে গতকাল মঙ্গলবার মক্কা, তাইফ এবং দেশটির দ্বিতীয় বৃহত্তম শহর জেদ্দায় নিরাপত্তা সতর্কতা জারি করা হয়। পরবর্তীতে কয়েক মিনিটের মধ্যে এই সতর্কতা তুলে নেওয়া হয়। ২০১৭ সালের পর এবারই প্রথম মক্কায় এমন নিরাপত্তা সতর্কতা জারি করা হলো। তবে পবিত্র স্থানে হামলার এসব অভিযোগ শুরুতেই নাকচ করে দিয়েছে হুতি বিদ্রোহীরা।