কমলাপুরে ঈদযাত্রার জনস্রোত; প্রতিটি ট্রেন ছাড়ছে কানায় কানায় পূর্ণ হয়ে

0
কমলাপুরে যাত্রীদের ঢল নামলেও রেলওয়ে কর্তৃপক্ষের সুশৃঙ্খল ব্যবস্থাপনায় খুশি সাধারণ মানুষ।। ছবি: সংগৃহীত

লোকসমাজ ডেস্ক ॥ পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে নাড়ির টানে বাড়ি ফিরতে শুরু করেছে মানুষ। গত সোমবার সরকারি শেষ কর্মদিবস শেষ হওয়ার পর রাত থেকেই কমলাপুর রেলওয়ে স্টেশনে ঘরমুখো মানুষের ঢল নেমেছে। মঙ্গলবার (১৭ মার্চ ২০২৬) ভোরেও স্টেশনে যাত্রীদের উপচেপড়া ভিড় লক্ষ্য করা গেছে। তবে কয়েক গুণ যাত্রীচাপ বাড়লেও এখন পর্যন্ত কোনো ট্রেনের শিডিউল বিপর্যয় ঘটেনি, যা যাত্রীদের মধ্যে স্বস্তি ও উল্লাস তৈরি করেছে।

মঙ্গলবার ভোর ৬টায় রাজশাহীগামী ‘ধূমকেতু এক্সপ্রেস’ ছেড়ে যাওয়ার মাধ্যমে দিনের ট্রেনযাত্রা শুরু হয়। এরপর নীলসাগর, সুন্দরবন, এগারো সিন্দুর প্রভাতী এবং তিস্তা এক্সপ্রেস নির্ধারিত সময়েই ঢাকা ছেড়েছে। সরেজমিনে দেখা গেছে, প্রতিটি ট্রেনই যাত্রীতে পূর্ণ। পরিবারের সদস্যদের নিয়ে অপেক্ষায় থাকা তাজুল ইসলাম জানান, ভিড় এড়াতে ভোরে এলেও ট্রেনের সময়ানুবর্তিতা দেখে তিনি খুশি। রেলওয়ে কর্তৃপক্ষের কঠোর নজরদারির কারণে বিনা টিকিটে কেউ প্ল্যাটফর্মে ঢুকতে না পারায় স্টেশনের ভেতরে অতিরিক্ত জটলা তৈরি হচ্ছে না।

ঈদযাত্রায় শৃঙ্খলা বজায় রাখতে এবার তিন স্তরের নিরাপত্তা ও টিকিট চেকিং ব্যবস্থা গ্রহণ করেছে রেলওয়ে কর্তৃপক্ষ। স্টেশনের প্রবেশপথে দুই দফা টিকিট পরীক্ষা করার পর যাত্রীদের ভেতরে যেতে দেওয়া হচ্ছে। ভ্রাম্যমাণ টিটিই আফতাব জানান, টিকিট ছাড়া কাউকে প্রবেশের অনুমতি দেওয়া হচ্ছে না; তবে জরুরি ক্ষেত্রে নির্ধারিত ভাড়ায় তাৎক্ষণিক স্ট্যান্ডিং টিকিটের ব্যবস্থা রয়েছে। চাঁদ দেখা সাপেক্ষে আগামী ২০ বা ২১ মার্চ ঈদ উদযাপিত হবে। টানা সাত দিনের লম্বা ছুটি মেলায় আজ ভোর থেকেই ঈদযাত্রার মূল স্রোত শুরু হয়েছে যা ঈদের আগের দিন পর্যন্ত অব্যাহত থাকবে বলে ধারণা করা হচ্ছে।