কপোতাক্ষ থেকে বালি উত্তোলনের অপরাধে লাখ টাকা জরিমানা

0

ঝিকরগাছা (যশোর) সংবাদদাতা ॥ কপোতাক্ষ নদ থেকে বালি উত্তোলনের অপরাধে জালাল উদ্দিন ওরফে আব্দুল জালাল নামের এক ব্যক্তিকে এক লাখ টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। বুধবার দুপুরে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট ডা. কাজী নাজিব হাসান ভ্রাম্যমান আদালত পরিচালনার মাধ্যমে এই অর্থদন্ডাদেশ দেন। এসময় ঘটনাস্থল থেকে অবৈধভাবে বালি উত্তোলনের কাজে ব্যবহৃত ৪টি স্যালোমেশিন, দুটি এক্সেভেটরসহ উত্তোলনকৃত বালি জব্দ করা হয়।
উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট ডা. কাজী নাজিব হাসান এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে জানান, ঝিকরগাছা উপজেলার মাগুরা ইউনিয়নের মিশ্রিদেয়াড়া বাজার সংলগ্ন কপোতাক্ষ নদে বালি উত্তোলন করা হচ্ছে এমন সংবাদের ভিত্তিতে সেখানে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়। এসময় অভিযুক্ত বহিরামপুর গ্রামের আব্দুল কাদের খানের ছেলে আব্দুল জালালকে আটক করা হয়। পরে অভিযুক্তকে মাটি ব্যবস্থাপনা আইন ২০১০ এর ১৫ (১) ধারা মোতাবেক এক লাখ টাকা অর্থদ- প্রদান করা হয়।