ওয়াছেলা খানম-আবদুল হাসিব জনকল্যাণ ট্রাস্টের বৃত্তি প্রদান

0

স্টাফ রিপোর্টার ॥ ওয়াছেলা খানম-আব্দুস হাসিব জনকল্যাণ ট্রাস্টের পক্ষ থেকে যশোরের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে মেধাবী শিক্ষার্থীরা বৃত্তি পেয়েছে। যশোরের এই গুণী দম্পতির সন্তানদের অর্থায়নে গঠিত জনকল্যাণ ট্রাস্টের পক্ষ থেকে প্রতিবছর বৃত্তি প্রদান করা হয়। এর অংশ হিসেবে গতকাল শুক্রবার বাংলাদেশ বুদ্ধি প্রতিবন্ধী কল্যাণ সমিতি (সুইড) যশোর জেলা শাখা পরিচালিত সুইড বুদ্ধি প্রতিবন্ধী বিদ্যালয় প্রাঙ্গণে এক অনুষ্ঠানের মাধ্যমে বৃত্তি প্রদান করা হয়। এ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে সভাপতির বক্তৃতায় ট্রাস্টের সভাপতি বিশিষ্ট শিক্ষাবিদ অধ্যাপক নার্গিস বেগম শিক্ষার্থীদের উদ্দেশ্যে বলেন, তোমাদের বেশি বই পড়তে হবে। জ্ঞানের পরিধি বৃদ্ধি করতে বিভিন্ন ধরনের প্রতিযোগিতায় অংশ নিতে হবে। এর মাধ্যমে জ্ঞানচর্চা অব্যাহত থাকবে। বাই তোমাদের আলাদা চিন্তার ও আনন্দের ভূবন তৈরি করে দেবে। হাতের কাছে যেটাই পাবে, সেটাই পড়বে। শুধু পাঠ্য জীবনের সীমাবদ্ধ থাকলে হবে না। তোমাদের সর্বোচ্চ শিক্ষায় শিক্ষিত হয়ে যোগ্য দক্ষ নাগরিক হিসেবে গড়ে উঠে দেশের সম্পদে পরিণত হতে হবে। তিনি বলেন, আমার পিতা আব্দুস হাসিব ও মা ওয়াছেলা খানম আমৃত্যু পাঠক ছিলেন। তারা নিয়মিত কোরআন পড়ার পাশাপাশি বিভিন্ন ধরনের বই পড়তেন।
তিনি অভিভাবকদের উদ্দেশ্যে তাদের ছেলেমেয়েদের দেশের যোগ্য নাগরিক হিসেবে গড়ে তোলার আহ্বান জানান। তিনি বৃত্তির পরিধি আগামীতে বাড়ানোর পাশাপাশি ট্রাস্ট থেকে উচ্চ শিক্ষার ক্ষেত্রে সহায়তা প্রদানের ঘোষণা দেন। অনুষ্ঠানে বক্তব্য রাখেন জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক দেলোয়ার হোসেন খোকন, সুইড যশোর জেলা শাখার সাধারণ সম্পাদক প্রফেসর গোলাম মোস্তফা, দৈনিক লোকসমাজের প্রকাশক শান্তনু ইসলাম সুমিত, ভারপ্রাপ্ত সম্পাদক আনোয়ারুল কবির নান্টু, বিশিষ্ট লেখক মুস্তাফিজুর রহমান কাবুল, ট্রাস্টের পরিচালক আবুল বাশার সাইফুদ্দৌলা, ওয়াছেলা খানম, আব্দুল হাসিব দম্পতির নাতি, কানাডা প্রবাসী ইশিতা আলম প্রমুখ। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ওয়াছেলা খানম-আব্দুল হাসিব দম্পতির কন্যা ও জনকল্যাণ ট্রাস্টের পরিচালক ডাঃ নাজনিন বেগম, প্রফেসর নাসরিন বেগম, নাতি সাদাব সিপার, জেলা মহিলা দলের সহ-সভানেত্রী ফেরদৌসী বেগম, জেলা কৃষকদলের সহ-সভাপতি মুস্তাফিজুর রহমান কবির প্রমুখ। ট্রাস্টের সভাপতি উপস্থিত সকলকে সাথে নিয়ে শিক্ষার্থীদের হাতে বৃত্তির টাকা তুলে দেন। যশোরের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের ৪০ জন শিক্ষার্থীকে এই বৃত্তি প্রদান করা হয়। অনুষ্ঠান পরিচালনা করেন ওয়াছেলা খানম আব্দুল হাসিব জনকল্যাণ ট্রাস্টের সদস্য এ কে শরফুদ্দৌলা ছোটলু।