ওসমান হাদির মৃত্যুতে ইইউ, যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্যের শোক

0
মার্কিন যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য এবং ইইউর পতাকা। ছবি: সংগৃহীত

লোকসমাজ ডেস্ক ॥ আততায়ীর গুলিতে ইনকিলাব মঞ্চের আহ্বায়ক ও জুলাই আন্দোলনের সম্মুখসারির যোদ্ধা শরীফ ওসমান বিন হাদির মৃত্যুতে শোক প্রকাশ করেছে ঢাকার যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য ও ইউরোপীয় ইউনিয়ন (ইইউ) দূতাবাস। শুক্রবার (১৯ ডিসেম্বর) নিজেদের সামাজিক যোগাযোগমাধ্যমে তারা আলাদা শোকবার্তা প্রকাশ করে।

ইইউ দূতাবাস শোকবার্তায় বলেছে, ‘শরীফ ওসমান হাদির মৃত্যুতে আমরা গভীরভাবে মর্মাহত এবং আমরা তার পরিবার, বন্ধুবান্ধব ও শোকাহত সবার প্রতি সমবেদনা জানাচ্ছি।’

এদিকে হাদির মৃত্যুতে শোক জানিয়েছে মার্কিন দূতাবাসও। যুক্তরাষ্ট্রের শোকবার্তায় বলা হয়, ‘যুক্তরাষ্ট্র দূতাবাস বাংলাদেশের জনগণের সাথে একাত্ম হয়ে তরুণ নেতা শরীফ ওসমান হাদির মৃত্যুতে গভীর শোক প্রকাশ করছে এবং তার পরিবার, বন্ধু ও সমর্থকদের প্রতি আন্তরিক সমবেদনা জানাচ্ছে।’

যুক্তরাজ্য হাই কমিশনের বার্তায় বলা হয়, ‘তরুণ নেতা শরীফ ওসমান হাদির মৃত্যুতে আমরা গভীরভাবে শোকাহত। কঠিন এই সময়ে তার পরিবার, বন্ধু আর সমর্থকদের প্রতি আমরা আন্তারিক সমবেদনা জানাই।